বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় হামলা, সংঘর্ষ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২২:২৭

চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। নরসিংদীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও তার কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বাগেরহাট-১ ও ২ আসনে গণসংযোগের সময় বিএনপির প্রার্থীদের গাড়ি বহরে হামলা হয়েছে। কালিহাতীতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলার প্রতিবাদে অবস্থান ধর্মঘট করেছেন তিনি। এদিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের তেঁতুলতলা বাজারের আওয়ামী লীগ অফিস ভাংচুর করেছে বিএনপির সন্ত্রাসীরা। রামগঞ্জে নৌকার পক্ষে গণসংযোগ করে ফেরার পথে সন্ত্রাসী বাহিনী ও জামায়াত শিবিরের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আমাদের প্রতিনিধি, সংবাদদাতাদের পাঠানো খবর।

চট্টগ্রাম অফিস জানায়, বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম ১০ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী আবদুল্লাহ আল নোমানের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার নগরীর হালিশহর নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় পাহাড়তলি বিএনপির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জিয়া, নগর বিএনপি নেতা আবদুস সাত্তার সারওয়ার, অ্যাডভোকেট আবদুস সাত্তার, ইয়াসিন ইমরান শরিফ, শাহিন আহমেদসহ ৯ জন আহত হয়েছে। ৫ নেতা-কর্মীকে আটক করার অভিযোগ পাওয়া গেছে। তবে আটকের অভিযোগের ব্যাপারে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে নোমান অভিযোগ করেন, স্থানীয় এমপি‘র ‘মদদপুষ্ট সন্ত্রাসীরা’ হামলায় জড়িত ছিল।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট-১ ও ২ আসনে গণসংযোগের সময় বিএনপির প্রার্থীদের গাড়ি বহরে হামলা করেছে দুর্বৃত্তরা। পৃথক দুই হামলায় বিএনপির অন্তত ২১ নেতা-কর্মী আহত হয়েছেন। রবিবার দুপুরে শহরের হরিণখানা পাচ রাস্তার মোড়ে বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থী এমএ সালামের গাড়ি বহরে হামলা হয়। এ হামলায় বিএনপির অন্তত ৯ নেতাকর্মী আহত হয়। এদিকে মোল্লাহাট উপজেলার কোদালিয়া বাজারে গণসংযোগের সময় বাগেরহাট-১ আসনের বিএনপির প্রার্থী শেখ মাসুদ রানার গাড়ি বহরে হামলা করেছে দুর্বৃত্তরা। এ হামলায় প্রার্থী মাসুদ রানাসহ ১২ নেতাকর্মী আহত হয়েছেন।

পলাশ (নরসিংদী) সংবাদদাতা জানান, নির্বাচনী গণসংযোগের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের প্রার্থী ড. আব্দুল মঈন খান ও তার কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে মঈন খান, দলীয় কর্মী সমর্থক ও পথচারীসহ ৫০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়। মঈন খান অভিযোগ করেন, রবিবার দুপুরে নরসিংদীর পাঁচদোনা বাজারে পুলিশের উপস্থিতিতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা করেছে।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালিহাতীতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। রবিবার সকালে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈলে এ ঘটনা ঘটে। লতিফ সিদ্দিকীর অভিযোগ, তার চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটে বসেন।

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, রবিবার সকালে একদল দুর্বৃত্ত সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজারে বিএনপি দলীয় কার্যালয়ে হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা অফিসের আসবাব পত্র ভাঙচুর ও অফিসের কিছু পোষ্টার রাস্তার এনে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়। এতে বিএনপির পাঁচ নেতা-কর্মী আহত হয়। এর আগে শনিবার রাতে নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ মোরশেদ আলমের নির্বাচনী প্রচারের সময় উপজেলার ছাতারপাইয়া এলাকায় মাইক ভাংচুরের ঘটনা ঘটে।

মদন (নেত্রকোনা) প্রতিনিধি জানান, শনিবার রাতে উপজেলা বৈশ্যবাড়ি আওয়ামী লীগের গণসংযোগকালে বিএনপির সন্ত্রাসীদের বিষ্ফোরণ ঘটানো, নাশকতা সৃষ্টি এবং পুলিশের ওপর হামলার অভিযোগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের ছেলে লাবীবকে প্রধান আসামি করে চার শতাধিক বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার রাতে মদন থানার এস আই মমতাজ উদ্দিন, যুবলীগ নেতা ফয়সাল আহমেদ ও নুরুল ইসলাম বাদী হয়ে তিনটি পৃথক মামলা করেন।

গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা জানান, শনিবার রাতে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের তেঁতুলতলা বাজারের আওয়ামী লীগ অফিস ভাংচুর করেছে বিএনপির সন্ত্রাসীরা। এ ঘটনার পর বিএনপি অফিসও ভাংচুর করা হয়েছে। অফিস ভাংচুরের ঘটনায় ডাকুয়া ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম বাদল খান বিএনপির ৪৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত নামা আরও ৩৫ থেকে ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের চেয়ারম্যান সহিদ উল্যার নেতৃত্বে শনিবার রাতে নৌকার পক্ষে গণসংযোগ করে ফেরার পথে প্রতিপক্ষ ঐক্যফ্রন্ট প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের সন্ত্রাসী বাহিনী ও জামায়াত শিবিরের নেতা-কর্মীদের হামলায় ছাত্রলীগ ও যুবলীগের ৬ জন নেতা-কর্মী আহত হয় বলে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ইছাপুর ইউনিয়নের সাবেক শিবির সভাপতি ওয়াসী উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।