রয়টার্স
মালয়েশিয়ার এক মন্ত্রী হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, সংগঠনের নেতা বাগদাদির মৃত্যুর পর ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা দক্ষিণ এশিয়ায় তাদের ঘাঁটি গড়ে তুলতে পারে। বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন থাইল্যান্ডের ব্যাংককে আসিয়ান মন্ত্রীদের বৈঠকে এই সতর্কতার কথা উল্লেখ করেছেন।
মধ্য এশিয়ার বিভিন্ন দেশের কর্মকর্তারা মনে করেন, অক্টোবরে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের অভিযানে আইএস নেতা আবু বকর আল-বাগদাদি নিহত হলেও জঙ্গি গোষ্ঠীটির মতাদর্শের মূলোত্পাটন করতে দীর্ঘ লড়াই করতে হবে।
মালয়েশীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিদেশ থেকে আইএস জঙ্গিদের ফেরত আসা, অনলাইন উগ্রবাদ ও সম্ভাব্য লোন-উলফ হামলা ঠেকাতে সতর্ক রয়েছে মালয়েশিয়া। মুহিউদ্দিন ইয়াসিন বলেন, আমরা মনে করি আল-বাগদাদির মৃত্যুর পর আইএসের সন্ত্রাসী কর্মকাণ্ডের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। সিরিয়া ও ইরাকে ভূখণ্ড হারানোর পর নতুন ঘাঁটি খুঁজছে আইএস।
মালয়েশিয়ার মন্ত্রী জানিয়েছেন, গত ছয় বছরে দেশটি আইএসের ২৫টি পরিকল্পিত হামলা নস্যাত্ করেছে এবং জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত সন্দেহে ৫১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
২০১৬ সালের জানুয়ারি থেকে মালয়েশিয়া জঙ্গিবাদ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আইএসের একাধিক হামলার পর এই অবস্থান নেয় দেশটি। ওই বছরের জুন মাসে কুয়ালালামপুরে একটি গ্রেনেড হামলায় দায় স্বীকার করেছে সংগঠনটি। মালয়েশিয়ার মাটিতে এটিই ছিল আইএসের প্রথম হামলা।
