নাহিদকে সমর্থন করে প্রচারণা থেকে সরে গেলেন শমসের মবিন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২২:২৭

সিলেট-৬ আসনে বিকল্পধারার ‘কুলা’ প্রতীকের প্রার্থী ও দলটির প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী একই আসনে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রার্থী নূরুল ইসলাম নাহিদকে (শিক্ষামন্ত্রী) সমর্থন করে নিজের প্রচারণা বন্ধের ঘোষণা দিয়েছেন। গতকাল রবিবার রাজধানীর বারিধারায় বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

শমসের মবিন বলেন, যদিও প্রার্থিতা প্রত্যাহারে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা আগেই শেষ হয়েছে, তবুও আমি বিষয়টি নির্বাচন কমিশনকে জানাব। আমার দলের সিদ্ধান্ত অনুযায়ী সাংবাদিকদের মাধ্যমে সিলেট-৬ আসনে মহাজোটের প্রার্থী নূরুল ইসলাম নাহিদের সমর্থনে আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি। অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সর্বক্ষেত্রে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ-১ আসনে বিকল্পধারার প্রার্থী ডা. রফিকুল ইসলাম চৌধুরীও উপস্থিত ছিলেন, তিনি গত ৯ ডিসেম্বর এই আসনে মহাজোটের প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনের সমর্থনে প্রচারণা থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।