পিরোজপুরে পুকুর ভরাটের উদ্যোগ বন্ধ করল প্রশাসন

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২১:৩৬

নাসিম আলী, পিরোজপুর অফিস

পিরোজপুর শহরের শিক্ষা অফিস সড়কে একটি পুকুর ভরাট করে পরিবেশবিরুদ্ধ কর্মকাণ্ড প্রশাসনিক উদ্যোগে বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে চার জন মালিকের কাছে থেকে পুকুর ভরাট থেকে বিরত থাকতে মুচলেকা নিয়েছেন। নানা ময়লা ফেলে পুকুরের পানি দূষিত-দুর্গন্ধময় করে  তোলা হয়েছিল বলে তা ভরাটের জন্য যুক্তি দেখানো হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার সরজমিনে দেখা গেছে, পিরোজপুর শহরের  মধ্যরাস্তা এলাকায় প্রায় এক একর জায়গায় অবস্থিত এই পুকুরটি দীর্ঘকাল ধরে এলাকাবাসী নানা প্রয়োজনে ব্যবহার করে আসছিল। গত বুধবার মৃত মোবারেক আলীর পুত্রবধূ কানিজ ফাতিমা হাসি জেলা প্রশাসকের কাছে পুকুরটি ভরাটের উদ্যোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত আবেদন করেন।

পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব বলেন, এ পুকুরে এক সময়ে সাঁতার প্রতিযোগিতা হতো। এলাকার বাসিন্দা আব্দুস সালাম শেখ বলেন, শহরে বা এলাকায় অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার ব্রিগেড এ পুকুর থেকে পানি সংগ্রহ করে থাকে। 

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল বলেন, জলাধার আইনে পুকুর শ্রেণিভুক্ত জলাশয় ভরাট করতে হলে জেলা প্রশাসনের অনুমতি প্রয়োজন বলে উদ্যোক্তাদের নিষেধ করে তাদের কাছ থেকে মুচলেকা নিয়েছি। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, জলাশয় ভরাট করা জলাধার আইন অনুযায়ী নিষিদ্ধ। আমরা পুকুরটি ভরাটের চেষ্টার একটি অভিযোগ পেয়ে মালিকদের সতর্ক করে দিয়েছি।