ভাঙনে সড়কের একাংশ নদীগর্ভে বিলীন হচ্ছে

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২১:৩৮

মুরাদনগর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক

মো. মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের অদূরে ভুবনঘর নামক স্থানে গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় মুরাদনগর-ইলিয়টগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়ক নদীগর্ভে বিলীন হতে চলেছে। ইতিমধ্যে সড়কটির একাংশ নদীর ভাঙনে চলে গেছে। ফলে সড়কটি দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজধানী শহরে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

অপরদিকে নদীগর্ভে বিলীন প্রতিরোধ করা নিয়ে সড়ক ও জনপদ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ডের মধ্যে চলমান মতবিরোধে দুর্ভোগ আরো বাড়ছে।

সরেজমিনে দেখা গেছে, খরস্রোতা গোমতী নদ বর্তমানে আকারে ছোটো হয়ে গেলেও বর্ষা মৌসুমে প্রবল জোয়ারের তোড়ে কোনো কোনো এলাকায় ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মুরাদনগর-ইলিয়টগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কটি দিয়ে অল্প সময়ের মধ্যে মুরাদনগর উপজেলাসহ দেবিদ্বার, বি-পাড়া, হোমনা ও নবীনগর উপজেলার অধিকাংশ এলাকার লোকজন এ সড়ক দিয়ে ঢাকাতে যাতায়াত করে থাকেন। এছাড়া মুরাদনগর উপজেলা সদরের সঙ্গে উপজেলার ছয়টি ইউনিয়নের একমাত্র যোগাযোগের মাধ্যম এ সড়কটি।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, এ জায়গাটি একাধিকবার ভাঙনের কবলে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজের কারণে বারবার নদী ভাঙনে এ সড়কটি এখন পুরোপুরি বিলীন হওয়ার পথে। আমি এলাকাবাসীর পক্ষে দ্রুত এ সড়কটি মেরামতের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, যেহেতু সড়কটি সড়ক ও জনপথ বিভাগের তাই সড়ক সংস্কারের কাজ তারাই করবে। আমাদের এ ব্যাপারে কিছুই করার নেই।

অপরদিকে, কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আহাদ উল্লাহ বলেন, সড়কটির পাশেই গোমতী নদী রয়েছে। তাই নদীতে স্থায়ীভাবে কোনো কাজ না করে সড়কটি সংস্কার করলে সমস্যা থেকেই যাবে। যেহেতু পানির কারণে সড়কটি ভেঙেছে আর নদীর পারের সুরক্ষার কাজটি তারা ভালো বোঝে, তাই এই কাজটি পানি উন্নয়ন বোর্ডকে করতে হবে। প্রয়োজনে আমরা সহযোগিতা করব। সড়কের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ও পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে জানিয়েছি। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে।