নগরীর ইপিজেড এলাকায় পুলিশের গ্রেফতার এড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে মো. রাসেল (১৫) নামে এক যুবক মারা গেছে। শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। নগর বিএনপি’র সহ-সভাপতি এম.এ.আজিজ বলেন, রাসেল ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। তিনি ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। পুলিশ সোর্স নিয়ে তাকে গ্রেফতারের জন্য গেলে পাশের একটি ভবনের ছাদে আশ্রয় নেন। এসময় সোর্স রাসেলকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে পুলিশ তার বাবাকে ডেকে থানায় নিয়ে গেছে।
ইপিজেড থানার এস আই সোহেল রহমান জানান, রাসেলের বিরুদ্ধে নাশকতা ও মাদকের ৪/৫টি মামলা রয়েছে। শনিবার রাত দেড়টায় তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযানে গেলে সে পালানোর চেষ্টা চালায়। এসময় ৪ তলা ভবনের ছাদ থেকে পাইপ দিয়ে নামার সময় নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
