পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে রিনা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে জারিয়া-ময়মনসিংহ রেলপথের তারাকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত রিনা উপজেলার জারিয়া ইউনিয়নের মানুষউড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের মেয়ে ও পূর্বধলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
পূর্বধলা রেল স্টেশনের কর্তব্যরত বুকিং সহকারী মো. আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে জারিয়া থেকে ময়মনসিংহগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই কলেজছাত্রী মারা যায়।
কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
পূর্বধলায় বৃহস্পতিবার সকালে অমিত হাসান নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল পশ্চিম পাড়া গ্রামের কামাল মিয়ার ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অমিত হাসানকে নিজঘরের আড়ায় গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়।
পূর্বধলা থানার এসআই মো. আবু রায়হান জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে অমিত হাসান বেশ কিছুদিন ধরে মানসিক বিকারগ্রস্ত ছিল।
