সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে গণধর্ষণের মিথ্যা মামলা দায়ের করায় এক নারীর পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে।
বৃহস্পতিবার সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১ -এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন। পাবলিক প্রসিকিউটর আব্দুল হামিদ লাভলু বলেন, ২০১৬ সালের ২৪ অক্টোবর জেলার কামারখন্দ উপজেলার খামার বড়ধুল গ্রামের এক নারী একই গ্রামের গোলবার হোসেনের পাঁচ ছেলের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে। আদালতে গণধর্ষণের অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে গোলবার হোসেনের বড়ো ছেলে কবির হোসেন বাদী হয়ে ঐ নারীর বিরুদ্ধে পালটা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালতে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঐ নারীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
