মিরপুরে মাদক নিরাময় কেন্দ্র সিলগালা

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২১:৪৫

পরিচালকসহ আটক দুই

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার মিরপুরে প্রশাসন ‘সমর্পণ’ নামের একটি বেসরকারি পুনর্বাসন কেন্দ্র অভিযান চালিয়ে সিলগালা করে দেয়। এ সময়ে পুলিশ সংস্থাটির পরিচালক তারেক রহমান মতিন ও তার সহকারী মিন্টুকে আটক করে।

সূত্র জানায়, ২০ নভেম্বর সকালে ঐ প্রতিষ্ঠানে চিকিত্সাধীন কাদেরপুর গ্রামের এজাজুল আজিম রিপনের ছেলে কামরুজ্জামান ঈমনের (২০) রহস্যজনক মৃত্যু হয়। ঐ প্রতিষ্ঠানের সিসি টিভির ফুটেজে ঈমনকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে বিষয়টি সপ্তাহব্যাপী উপজেলায় টক অব দ্যা টাউনে পরিণত হয়। বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসানের নেতৃত্বে প্রশাসন বিভিন্ন অনিয়মের কারণে ঐ প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়।

এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, ঈমনের রহস্যজনক মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এটি হত্যাকাণ্ড হয়ে থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানের পরিচালক মতিনসহ দুই জনকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক বলেন, প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এছাড়াও ঈমন হত্যার অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান বলেন, বিভিন্ন অভিযোগ ও অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হলো।