কালিয়াকৈরে সেপটিক ট্যাংকে মিলল গৃহবধূর লাশ

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২১:৪৬

স্বামীসহ গ্রেফতার চার

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈরে একটি বাসভবনের সেপটিক ট্যাংক থেকে ফরিদা বেগম (৩৬) নামের এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

বুধবার বিকালে উপজেলার চান্দরা খাজার টেক এলাকার ইমরান দেওয়ানের বাসভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফরিদা পাবনা জেলার আতাইখোলা উপজেলার শ্রীপুর এলাকার মনসুর আলীর স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী এবং বাসভবনের মালিকের স্ত্রীসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মনসুর আলী তার স্ত্রী ফরিদাকে শ্বাসরোধে হত্যা করে অন্যের সঙ্গে পালিয়ে গেছে বলে জানান দেন। পরে নিহতের বোন হাসিনা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। একদল পুলিশ ঢাকার আশুলিয়া থানাধীন গোয়ালবাড়ি দিঘির পাড় এলাকা থেকে নিহত ফরিদার স্বামী মনসুরকে গ্রেফতার করে। মনসুরের দেওয়া জবানবন্দিতে বাসভবনের মালিকের স্ত্রী খোদেজা বেগমকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া শিকারোক্তিতে ঐ ভবনের সেপটিক ট্যাংক থেকে ফরিদার গলিত লাশ উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।