জনসেবার জন্যই রাজনীতিতে এসেছি : শেখ তন্ময়

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৫

বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও প্রধানমন্ত্রীর ভাতিজা শেখ তন্ময় বলেছেন, ‘কিছু পাওয়ার জন্য নয়, শুধুমাত্র জনসেবার জন্যই রাজনীতিতে এসেছি। আপনারা চাইলে সারাটি জীবন আপনাদের সঙ্গে নিয়ে কাটিয়ে দিতে চাই।’

রবিবার বিকালে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, 'স্বাধীনতা বিরোধী শক্তি যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তারা ক্ষামতায় এলে দেশের উন্নয়নের ধারা ব্যহত হবে। সেই সঙ্গে দেশ সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে।'

বিকালে শেখ তন্ময় সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়বাশবাড়িয়া, আব্দুর রসুলপুর, কাশিমপুর বাজার, কালিয়া, খেগড়াঘাট, হেদায়েতপুর, পিসিডেমা, নাগেরডেমাস, কাড়াপাড়া বাজার সংলগ্ন বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কয়েক হাজার উৎসুক মানুষ রাস্তার পাশে দাড়িয়ে শেখ তন্ময়কে ফুলেল শুভেচ্ছা জানায়।

আরও পড়ুনঃ দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত: পরিকল্পনামন্ত্রী

এ সময় শেখ তন্ময়ের সঙ্গে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সরদার ফখরুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আজাদ ফিরোজ টিপু, সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান, কৃষক লীগের জেলা সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মনি মল্লিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান সুলতান আল ওশানসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু