এমপি লিটন হত্যাকাণ্ডে জড়িত নন—এমন অকাট্য প্রমাণ রাখতে কাদের খান ভিসা-পাসপোর্টে বৈধভাবে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২০১৬ সালের ১৯ অক্টোবর ভারতে যান এবং পরের বছর ৬ জানুয়ারি পর্যন্ত তিনি ভারতে অবস্থান করেন। কিন্তু এই সময়ের মধ্যে তিনি একাধিকবার চোরাই পথে দেশে ফেরেন। বাস্তবে কাদের খান ভিসা-পাসপোর্টে ভারতে অবস্থান করলেও এমপি লিটন হত্যা মিশন সফল করতে চোরাই পথে তিনি দুই থেকে তিনবার ভারত থেকে বাংলাদেশে আসা-যাওয়া করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার তত্কালীন পরিদর্শক আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান ও তদন্ত কাজে অংশ নেওয়া পুলিশের একাধিক সূত্র জানায়, ভারতের আসাম রাজ্যের একটি স্থলবন্দর দিয়ে চোরাই পথে কয়েক দফা বাংলাদেশে আসেন কাদের খান। সর্বশেষ চোরাই পথে কাদের খান বাংলাদেশে এসে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের নিজ বাড়িতে থেকে এমপি লিটন হত্যা মিশন সফল করেন। পরে কিলারদের বগুড়ায় নিয়ে গিয়ে নিজ বাড়িতে রেখে তাদেরকে ঢাকায় পাঠানোর পর তিনি আবারো চোরাই পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যান। পরবর্তীতে পাসপোর্ট-ভিসায় বৈধভাবে ভারত থেকে দেশে ফেরেন।
০
