৯ খুনের সিরিয়াল কিলার বাবু শেখ গ্রেফতার

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২৩:২০

টাঙ্গাইলের সখীপুরে সমেলা ভানু (৫৭) হত্যার রহস্যের উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় আসামি বাবু শেখকে গ্রেফতারের পরে পুলিশ জানতে পারে তিনি বিভিন্ন জেলায় আরো ৮টি খুন করেছেন।

বুধবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সমেলা ভানুসহ সারা দেশে ৯ নারীকে খুন করার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বাবু শেখ। বাবু শেখ ওরফে কালু নওগাঁ জেলার রানীনগর উপজেলার হরিশপুর গ্রামের জাহের আলীর ছেলে। এর আগে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বাবু শেখকে (৪৫) গ্রেফতার করে। 

সখীপুর থানার  ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, ‘গত ৯ জুলাই রাতে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের আমড়াতৈল গ্রামের মৃত বাবর আলীর স্ত্রী সমেলা ভানু খুন হন। সিঁধ কেটে ঘরে ঢুকে শ্বাসরোধ করে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়। বাবু শেখ ও তার সহযোগী ডাবু মিলে ওই বৃদ্ধাকে খুন করে একটি স্বর্ণের চেইন ও পাঁচ হাজার টাকা নিয়ে যায়। ১০ জুলাই সমেলার ছেলে হোসেন আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সখীপুর থানায় মামলা করেন। সমেলা ভানু হত্যার দুই মাস পর গত ১৪ সেপ্টেম্বর রাতে মির্জাপুর উপজেলার হরতকীতলা গ্রামের কাঞ্চু খানের স্ত্রী রুপভানু বেগমকেও শ্বাসরোধ করে হত্যা করে বাবু শেখ। সেখান থেকে প্রায় ৪০ হাজার টাকার মালামাল চুরি করে পালায়। বাবু শেখ পুলিশের কাছে স্বীকার করে ৯টি খুনের মধ্যে দুটি  নওগাঁর গোলাম রসুল ওরফে ডাবুকে সহযোগী হিসেবে ব্যবহার করা হয়েছে।’

একাধিক হত্যা মামলার আসামি বাবু শেখের দাবি, রানীনগর থানার এক ইউপি চেয়ারম্যান তাকে একটি খুনের মিথ্যা মামলায় আসামি করেন। এরপর নওগাঁ থেকে তিনি পালিয়ে নাটোর আসেন। কাজকর্ম না থাকায় গ্রামে ঘুরে ঘুরে চুরি ও চুরি করতে গিয়ে নারী ধর্ষণ ও খুনের নেশায় জড়িয়ে পড়েন। 

সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, ‘বাবু শেখ একজন সিরিয়াল কিলার। খুন করাই যেন তার নেশা হয়ে পড়েছে। সে বেশিরভাগ খুন করেছে রাতের বেলায় আর ঠাণ্ডা মাথায়। গত ছয় বছরে সে সখীপুরসহ বিভিন্ন এলাকায় নয়জন নারীকে খুন করেছে। হত্যা করার আগে ছয়জন নারীকে ধর্ষণ করেছে বলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’

ইত্তেফাক/জেডএইচ