এখন আমরা যুদ্ধ করছি মাদকের বিরুদ্ধে —আইজিপি

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০০:৩১

পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, যোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশ নিজেকে প্রমাণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার পঞ্চবটীতে জেলা পুলিশের নতুন ব্যারাক ও কমিউনিটি ব্যাংকের শাখাসহ আটটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, ১৯৭১ সালের প্রথম প্রহর থেকে শুরু করে প্রত্যেকটি ক্লান্তিকালে বাংলাদেশ পুলিশ প্রথম সারির যোদ্ধা হয়ে দেশ প্রেমিক হিসেবে নিজেকে প্রমাণিত করেছে। গত দুই বছরে ৯৯৯ এর মাধ্যমে ৫৮ লাখ মানুষকে সেবা প্রদান করা হয়েছে বলেও জানান আইজিপি। তিনি বলেন, বর্তমানে ১০০টি কল সেন্টারের মাধ্যমে সারা দেশের জনগণকে ২৪ ঘণ্টা এই সেবা প্রদান করা হচ্ছে। অচিরেই ৫০০ কল সেন্টার স্থাপন করার কাজ চলমান আছে।

আইজিপি বলেন, একটি দেশ যখন এগিয়ে যায় তখন উন্নয়নের সাথে সাথে কিছু কিছু বিষয় চলে আসে। আপনারা দেখেছেন অতীতে আমরা সন্ত্রাসকে যে ভাবে রুখে দিয়েছি, জঙ্গিবাদকে রুখে দিয়েছি তেমনিভাবে এখন আমরা যুদ্ধ করছি মাদকের বিরুদ্ধে।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি ড. মইনুর রহমান চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মশিউল হক চৌধুরী, জেলা প্রশাসক জসিমউদ্দিন প্রমুখ।