গাজীপুর, না’গঞ্জসহ বিভিন্ন স্থানে মহান বিজয় দিবস উদযাপন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:১৯

গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়, বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এছাড়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

গাজীপুর প্রতিনিধি জানান, গতকাল সকাল সাড়ে ৬টায় জেলা শহরের রাজবাড়ী মাঠে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুর জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাসেল শেখ। এরপর তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর সরকারি মহিলা কলেজ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, কাজী আজিম উদ্দিন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন  করা হয়। বিজয় দিবস উপলক্ষে শহীদ বরকত স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, ভোর ৬টায় শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া। এরপর শ্রদ্ধা জানান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের পক্ষ থেকে জেলা পুলিশের কর্মকর্তারা। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা সিভিল সার্জন ডা. এহসানুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শিরীন বেগম এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ। সকাল ১০টায় শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরামসহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। এরপর শ্রদ্ধা জানান, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মনির হোসেন কাসেমীসহ জমিয়তের নেতাকর্মীরা। এছাড়া শহরের ২নং রেলগেটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইসহ নেতাকর্মীরা।  নারায়ণগঞ্জ খেলাঘর আসরের উদ্যোগে বিশালাকারের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা বের করা হয়। বিজয় দিবস উপলক্ষে শহরের বিভিন্ন সরকারি স্থাপনা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল সোনারগাঁও উপজেলা শহীদ মজনু পার্কে বিজয় স্তম্ভে ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ, সোনারগাঁও উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁও প্রেস ক্লাব, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গতকাল সকালে বিজয় স্তম্ভে ও  বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনূর ইসলাম, সোনারগাঁও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, সোনারগাঁও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার প্রমুখ। এছাড়া বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে সেখানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পৌষ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল উপজেলা শহীদ মুঞ্জুর স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এর আগে ভোরে স্বাধীনতা চত্বরে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোঃ শাহজালাল মিয়া, আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা খাতুন, আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল কাদির, মাধ্যমিক শিক্ষা অফিসার  এস এম আবু তালেব, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, রবিবার শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালন করা হয়। সূর্যোদয়ের পরপরই জেলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠের পাশে শহীদ স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভসূচনা করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এ সময়  পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার প্রকৌশলী তোবারক হোসেন লুডু উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় মানিকগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদ মালেক স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা বিএনপির পক্ষ থেকে দলের সহ-সভাপতি অ্যাডভোকেট মকসেদুর রহমানের নেতৃত্বে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল  হুদা  সেলিম মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর নেতৃত্বে সাংবাদিকরা পুষ্পস্তবক অর্পণ করেন।

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, ৪৭তম বিজয় দিবস পালনে গতকাল রবিবার শিবালয় উপজেলা প্রশাসন, শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ, আরিচা বিআইডব্লিউটিএসহ বিভিন্ন সংগঠন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। উথলী মাঠে শরীর চর্চা প্রদর্শন, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, শিবালয়ে প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মেহেদী হাসান।

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা সামিরা, ঘিওর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম, উপজেলা কমান্ডার আঃ আজিজ মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু প্রমুখ।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলায় পৃথকভাবে বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে সকাল ৯টা থেকে নবাবগঞ্জের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও দোহারে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান হয়। সেখানে কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অতিথি মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম, মুক্তিযুদ্ধের সংগঠক আজিজুর রহমান ফকু, যুদ্ধকালীন কমান্ডার বদিউজ্জামান বদি, নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আবু বক্কর সিদ্দিক, দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব মোল্লা, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজদিখানে রবিবার প্রত্যুশে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। এরপর শহীদ বেদিতে ফুল দিয়ে সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয়। সকাল ৮টা থেকে কুচকাওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠানের ২ পর্ব শুরু হয়। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, পুলিশ, আনসার শরীরচর্চা প্রদর্শন করে। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া প্রমুখ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, রবিবার প্রত্যুষে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। মুন্সীগঞ্জ স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়। এতে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। স্টেডিয়ামে মনোজ্ঞ ডিসপ্লে সকলের মন কাড়ে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. মহিউদ্দিন। বিকালে লোকজ ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জ-২ আসনের  সাংসদ  অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-২ আসনের  সাংসদ অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সাবেক সাংসদ আলহাজ মমতাজ বেগম ছাড়াও জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তিবর্গ।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্কুল, রাজনৈতিক সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ৮ টায় সিদ্ধিরগঞ্জ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃতি ও ভাষা ও মুক্তিযুদ্ধ বিষয়ক নাটিকার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ তোফাজ্জল হোসেন।