ছাতকে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ৩০

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০০:৩৩

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতকের জাউয়া বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া, পালটা-ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার জাউয়া বাজারে এমপি মুহিবুর রহমান মানিক ও পৌর মেয়র আবুল কালাম চৌধুরী এবং তার সহোদর শামীম আহমদ চৌধুরী গ্রুপের মধ্যে এ সংঘর্ষের  ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের ৩০ জন আহত হয়েছে। আহত আল আমিনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমরান, শাহিন তালুকদার, আজিরউদ্দিনসহ আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, কৈতক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিত্সা দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রায় দুঘন্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালে কয়েকটি গাড়ি ভাঙচুরেরও খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

জানা গেছে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী গ্রুপের পূর্ব নির্ধারিত সভা ছিল জাউয়া বাজারে। এ সভাকে কেন্দ্র করে তারা মিছিল বের করলে প্রতিপক্ষ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক এমপি গ্রুপের লোকজন মিছিলে হামলা করে।  এ নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।