নগর সংস্কৃতি

তনুশ্রী পদক পেলেন নাট্যকর্মী রেজা আরিফ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০০:৩৮

নাট্যচর্চার নিয়মিত সংগঠন নাট্যধারা প্রবর্তিত সৃজনশীল নাট্য তরুণ ২০১৯-এর তনুশ্রী পদক পেয়েছেন নাট্যকর্মী রেজা আরিফ। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে শুরু হওয়া নাট্যধারার তিন দিনের নাট্য উত্সবের উদ্বোধনীতে তরুণ এই নাট্যকর্মীকে আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্ত রেজা আরিফের হাতে ক্রেস্ট তুলে দেন নাট্যাভিনেত্রী লাকী ইনাম, উত্তরীয় পরিয়ে দেন নাট্যজন রামেন্দু মজুমদার ও অর্থমূল্য ১৫ হাজার  টাকার চেক তুলে দেন উত্সবের পৃষ্ঠপোষক অঞ্জন’স-এর স্বত্বাধিকারী শাহীন আহমেদ।

পদক প্রদান শেষে একই মিলনায়তনে মঞ্চায়ন হয় সমতট নাট্যদলের পালানাটক ‘উজান ভাইটাল কইন্যা’। আজ দ্বিতীয় দিন শুক্রবার সন্ধ্যায় মঞ্চায়ন হবে ভারতের ইফটা নাট্যদলের নাটক ‘ডিয়ার পাপা’। কাল শনিবার শেষ হবে তিন দিনের এই উত্সব। সমাপনী সন্ধ্যায় মঞ্চায়ন হবে নাট্যধারার নাটক ‘চার্লি’।

বাংলাদেশ থিয়েটারের ‘সী-মোরগ’

নাটকের দল বাংলাদেশ থিয়েটার শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করেছে দর্শকনন্দিত নাটক ‘সী-মোরগ’। সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। আসাদুল্লাহ ফারাজী রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন হুমায়ুন কবীর হিমু।