যুক্তরাষ্ট্রে বিরূপ আবহাওয়ায় চরম দুর্ভোগ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০০:৩৮

যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে বিরূপ আবহাওয়ায় ‘থ্যাংকস গিভিং ডে’র আনন্দটাই মাটি হয়ে গেল। আবহাওয়া এতটাই খারাপ অবস্থা ধারণ করেছে যে আগামী কয়েক দিন লোকজনের ঘরের বাইরে বের হওয়াই কঠিন হয়ে পড়বে। একই কারণে গতকাল দেশটিতে ২০০ ফ্লাইট বাতিল এবং আরো ২ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়।

জানা গেছে, সবচেয়ে খারাপ অবস্থা দাঁড়িয়েছে মিশিগান, ওহাইও ও ক্যালিফোর্নিয়ায়। প্রচণ্ড ঝোড়ো বাতাসের সঙ্গে কোথাও কোথাও প্রবল বৃষ্টি, আবার কোথাও তুষারপাত হচ্ছে। ফলে প্রচণ্ড শীত শুরু হয়েছে। একাধিক রাজ্যে আকস্মিক প্লাবনের সতর্কবার্তাও জারি করা হয়েছে। বুধবার রাতে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলোর অন্তত ৩ লাখ বাড়িতে বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ঠান্ডা আবহাওয়ার মধ্যে চরম ভোগান্তিতে পড়েন তারা। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, অন্তত ৩২টি অঙ্গরাজ্যেই খারাপ আবহাওয়া বিরাজ করছে। অ্যারিজোনা ও মনটানার রাস্তাঘাট দু-এক দিনের মধ্যে তুষারপাতে চলাচল অযোগ্য হয়ে পড়তে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।