ফতুল্লায় দুটি এলাকা্র ফার্মেসিগুলোতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ৬টি ফার্মেসিকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন, ওষুধ প্রশাসন ও পুলিশের সমন্বয়ে দেলপাড়া এবং হাজীগঞ্জ বাজারে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে অনেক ওষুধ ব্যবসায়ী দোকান বন্ধ করে সটকে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। জেলা ওষুধ প্রশাসন অধিপ্তরের তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেন জানান, বেলা ১১টার দিকে দেলপাড়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরীন এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে মিসব্যান্ডেড ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ করা এবং ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধ বিক্রি করার অপরাধে কেয়া ফার্মেসীকে ৪০ হাজার টাকা ও উম্মে সালমা চিকিৎসা কেন্দ্রকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে গণধোলাইয়ের শিকার তিন পুলিশ!
তিনি আরও জানান, বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাজীগঞ্জ বাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন এর নেতৃত্বে আরও একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ অভিযানে একই অপরাধে মেডিসিন প্লাসকে ৪০ হাজার টাকা, মাহদী মেডিকেলকে ১৫ হাজার টাকা, মদিনা ফার্মেসিকে ৩০ হাজার টাকা ও খালেদা ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইত্তেফাক/এসএইচএম
