আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল পেশাজীবীদের ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন পেশাজীবী সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ। গাজীপুর পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে গত শনিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে গাজীপুর মুক্ত দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
গাজীপুর জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক আবদুল মালেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী ও সাংবাদিক আতাউর রহমান, গাজীপুর বারের সাবেক সভাপতি এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার, অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, দৈনিক মুক্তবলাকার সম্পাদক আলমগীর হোসেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও সদস্য এম এ সালাম শান্ত বক্তব্য রাখেন।
‘জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ : পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনার মূল ধারণাপত্র উপস্থাপন করেন সাংবাদিক আতাউর রাহমান। সভায় আগামী ২১ ডিসেম্বর জেলার ৫টি আসনে নৌকাকে বিজয়ী করার জন্য গাজীপুরে পেশাজীবী সমাবেশ সফল করারও আহ্বান জানানো হয়।
