ইউনাইটেড-আর্সেনালের ভুলে যাওয়ার মতো রাত

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২২:০৪

স্পোর্টস ডেস্ক

শুরুতে এগিয়ে গিয়েও হার। গত বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের ম্যাচে যেন একই বিন্দুতে মিলে গেল ম্যানচেস্টার ইউনাইটেড আর আর্সেনালের নিয়তি। আস্তানার বিপক্ষে ২-১ ব্যবধানের হারে ম্যানইউর তেমন কোনো ক্ষতি না হলেও এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে একই ব্যবধানের হারে আর্সেনাল কোচ উনাই এমেরির চাকরিই চলে গেছে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির সাবেক উইঙ্গার ফ্রেডি লজাংবার্গ।

আর্সেনাল স্প্যানিশ কোচের অধীনে খেলেছে ১৮ মাস। গেল মৌসুমে ৭০ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে শেষ করলেও চলতি মৌসুমের শুরু থেকেই দলের পারফরম্যান্সের গ্রাফ ছিল নিম্নমুখী। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম অবস্থানে আছে দলটি, জিতেছে মোটে চারটি ম্যাচ। তার ওপর শেষ ছয় ম্যাচের জয়খরা ফ্রাংকফুর্ট ম্যাচের আগে এমেরির ওপর চাপ বাড়াচ্ছিল ক্রমেই।

ইউরোপা লিগে গত বৃহস্পতিবার নিজেদের পঞ্চম ম্যাচে আর্সেনাল প্রথমার্ধের যোগ করা সময়ে পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের গোলে এগিয়ে যায়। তবে ৫৫ আর ৬৪ মিনিটে এইনট্রাখট ফ্রাংকফুর্ট ফরোয়ার্ড দাইচি কামাদার জোড়া গোল হার নিশ্চিত করে দলটির।

এদিকে ইউনাইটেডের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত ছিল আগেই। তার ওপর ম্যাচটা ছিল ম্যানচেস্টার থেকে ৬০০০ কিলোমিটার দূরে কাজাখস্তানের রাজধানীতে। ইউরোপার ‘এল’ গ্রুপে আগের একটি ম্যাচেও না জেতা আস্তানার বিপক্ষে তাই তরুণদের সুযোগ দিয়েছিলেন ইউনাইটেড কোচ ওলে গুনার সোলসার, দলের গড় বয়স দাঁড়িয়েছিল ২২ বছর ২৬ দিনে।

কোচের আস্থার প্রতিদান দিয়ে ১০ মিনিটেই এগিয়ে গিয়েছিল রেড ডেভিলরা। জেসে লিংগার্ডের ২৮ ম্যাচের গোলখরা কাটানোর পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ইউনাইটেড। তাহিত চং সহজ সুযোগ নষ্ট করলে সেটা করতে ব্যর্থ হয় দলটি। পরের ১৭ মিনিটে এর খেসারত দেয় প্রিমিয়ার লিগ সর্বোচ্চবার জেতা দলটি। ৫৫ মিনিটে স্বাগতিক ফরোয়ার্ড শমকো সমতা ফেরানোর পর ৬২ মিনিটে বার্নার্ডের আত্মঘাতী গোল হার নিশ্চিত করে ইউনাইটেডের।

তবে হারের পরেও তরুণদের পারফরম্যান্স মুগ্ধ করেছে কোচ সোলসারকে। তিনি বলেন, ‘আমি মনে করি এদের কেউ ধারে খেলে নিজেকে গড়ে তুলতে পারবে। কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল দরকার ছিল, আর আজ সেটা তাদের অনেকেই প্রথমবারের মতো পেয়েছে। কেউ কেউ তো মূল দলে নিয়মিত খেলার যোগ্যতাও রাখছে!’

তিনি আরো যোগ করেন, ‘আপনি দেখবেন কেমন করে আমরা মাঝমাঠের দখল নিয়েছিলাম, জিমি গার্নার আর ডিলান একসঙ্গে খেলছিল। ডি শোন দারুণ মনোযোগী ছিল, ইথান ডান পাশ দিয়ে দারুণ খেলছিল, বিশেষ করে প্রথমার্ধে। এদের কেউ কেউ সুযোগের দারুণ সদ্ব্যবহার করেছে।’