আন্দোলনের নামে সহিংসতা বরদাশত করা হবে না -----------ওবায়দুল কাদের

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২২:২৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য করলে সমুচিত জবাব দেওয়া হবে।’ গতকাল শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে মত্স্যজীবী লীগের জাতীয় সম্মেলনে তিনি আরো বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, আন্দোলনের নামে সহিংসতা করলে বরদাশত করা হবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন, গণতান্ত্রিক পথে করলে রাজনৈতিকভাবে আমরা মোকাবিলা করব। আপনারা যদি মনে করেন সহিংসতা সৃষ্টি করে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে আছেন।’ মত্স্যজীবী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনারা সবাই প্রস্তুত হয়ে যান, এখনো ষড়যন্ত্র চলছে, এখনো             চক্রান্ত চলছে। শেখ হাসিনার জনপ্রিয় সরকারকে হঠানোর চক্রান্ত চলছে। এ চক্রান্ত রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সেতুমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে আমরা বারবার বলেছি, আমরা তাকে জেলে নেইনি। আদালতে মামলার রায়ে তিনি জেলে আছেন। আপনারা আইনি লড়াই করে তাকে মুক্ত করুন। আমাদের সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।’ তিনি বলেন, বিএনপি আদালত মানে না, আইনের শাসন মানে না, বিচার মানে না, সালিশ মানে না। খালেদার মুক্তির জন্য আদালতের ওপর চাপ দিতে সেখানে তারা ভাঙচুর করেছে। এরা ক্ষমতায় এলে গণতন্ত্র, আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থা নিরাপদ থাকবে না।

মত্স্যজীবী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।