প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চক্রান্ত চলছে। এ ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল শুক্রবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকসূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জানি এখন পেঁয়াজ নিয়ে একটা সমস্যা আছে। পার্শ্ববর্তী ভারতসহ সব দেশেই পেঁয়াজের দাম বেড়েছে। কিন্তু আমাদের দেশে কেন, কি কারণে অস্বাভাবিকভাবে লাফিয়ে লাফিয়ে দাম বেড়েছে জানি না। এক্ষেত্রে একটা ষড়যন্ত্র হয়েছে।’ তিনি বলেন, ‘পেঁয়াজের সমস্যা যাতে না থাকে তাই কার্গো ভাড়া করে আমরা এখন পেঁয়াজ আনা শুরু করেছি।’ শেখ হাসিনা বলেন, পেঁয়াজের পর তেল, চালসহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধির চেষ্টা হচ্ছে। কিন্তু কেন? কারা চক্রান্তে লিপ্ত তা খুঁজে বের করতে হবে।
জানা গেছে, আজ মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনে শীর্ষ চার পদে পরিবর্তন আসছে বলে গতকালের বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী ইঙ্গিত দিয়েছেন। প্রসঙ্গত, রাজনীতির মাঠে প্রবাদ আছে—‘ঢাকার রাজপথ দখলে যার, গোটা দেশ দখলে তার’। অর্থাত্ ঢাকা মহানগরীতে যে রাজনৈতিক দলের সাংগঠনিক শক্তি যত বেশি, মাঠ দখলে রাখার ক্ষমতা রাখতে তার প্রভাব গোটা দেশেই পড়ে। অতীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ঢাকা মহানগরীতে সাংগঠনিক শক্তি প্রবল ছিল বলেই ’৯০-এর আন্দোলনে স্বৈরাচারের পতন, ’৯৬ সালে জনতার মঞ্চ করে বিএনপি সরকারের পতন ঘটিয়ে ছিল। এরপর ২০০৫ সালের অক্টোবরে বিএনপি-জামায়াত জোট সরকারের পতন এবং সর্বোপরি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে নির্বাচন আদায় এবং সেই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিয়ে ক্ষমতায় আসতে মহানগর আওয়ামী লীগ শক্তিশালী ভূমিকা রেখেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম, দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।
