গাজীপুরে অপহরণের পর মুক্তিপণ দাবি,পরে উদ্ধার

আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ০০:৪২

গাজীপুর মহানগরীতে মুক্তিপণের দাবিতে অপহরণের পর অপহূত ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে র্যাব-১ এর সদস্যরা নগরীর বাসন থানার রওশন সড়ক এলাকায় অভিযান চালিয়ে অপহূতকে উদ্ধার করে। র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, নগরীর রওশন সড়ক এলাকায় কতিপয় অপহরণকারী অপহূত মো. পারভেজসহ মুক্তিপণের টাকার জন্য অবস্থান করছে। এ সময় র্যাব সেখানে অভিযান চালিয়ে পারভেজকে উদ্ধার করে। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। অপহূত যুবক পারভেজ মহানগরীর সদর থানার পাজুলিয়া এলাকার মো. আফজাল হোসেনের ছেলে।

র্যাব আরো জানায়, অপহূত পারভেজ পেশায় একজন গার্মেন্টস কর্মী।  সে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সালনা যাওয়ার পথে ৪-৫ জন অজ্ঞাতনামা অপহরণকারী তাকে জোরপূর্বক মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে রাত সাড়ে আটটার দিকে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করে। অভিযোগ পেয়ে র্যাব তাকে নগরীর রওশন সড়ক এলাকা থেকে উদ্ধার করলেও অপহরণকারীরা পালিয়ে যায়।