জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময়ে গুরুতর আহত হয়েছেন আরো দুজন। শনিবার ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
নিহতরা হলেন, ইউসুফ আলী (৪০), আব্দুল জলিল (৩৫)। তারা উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাডী গ্রামের হাজী হারান আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী দক্ষিণ লম্বা পাড়া গ্রামের মৃত ইউনুস আলী দুই ছেলে হাজী হারান আলী ও সাবেক ইউপি সদস্য জাকির হোসেনের মধ্যে দীর্ঘ দিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে সানন্দবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় হাজী হারান আলীর লোকজন জমিতে ঘর তুলতে গেলে জাকির হোসেনের লোকজন হারান আলীর লোকজনের উপর হামলা চালায়। ওই হামলায় হারান আলী, তার দুই ছেলে ইউসুফ, আব্দুল জলিল গুরুতরভাবে আহত হন।
আরো পড়ুন: শুটিং ও নামাজ একসঙ্গেই হলো সিয়ামের!
এলাকাবাসীরা তাদের উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ইউসুফ ও জলিলের অবস্থা অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে ইউসুফ ও আব্দুল জলিল চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায়। সানন্দবাড়ী ফাঁড়ি থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/জেডএইচ
