এক সময় গ্রামের সব মানুষই ছিল গরিব। নূন্যতম চলাফেরা করার মতো অর্থ ছিল না তাদের। গ্রামের ৯৫ ভাগ মানুষই ছিল কৃষিনির্ভর। আর বর্তমানে তারা সবাই হয়ে উঠেছেন কোটিপতি! আর তাই গ্রামের নামও হয়ে গেল কোটিপতি গ্রাম!
এই গ্রামের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আছে বাংলাদেশি টাকায় প্রায় ২১ কোটি ২৪ লাখ টাকা। গণমাধ্যমে চীনের হুয়াক্সি নামের গ্রামটি সবচেয়ে ধনী মানুষের গ্রাম হিসেবে পরিচিত হয়ে উঠেছে। এটিকে কমিউনিস্ট ইউটোপিয়া বা সাম্যবাদের কল্পরাজ্য বলা হচ্ছে। বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াক্সির সবাই ধনী হলেও সেখানকার সবকিছুই রহস্যময়। গণমাধ্যমের সামনে কারও কথা বলার অনুমতি নেই। এক সময়ের খুব সাধারণ কৃষক সমাজ ইস্পাত ও জাহাজের বাজারে বহু কোটি টাকার সম্পদের রাজ্যে রূপান্তরিত হয়েছে। এখানে ২ হাজার নিবন্ধিত অধিবাসী বাস করেন। তাদের স্বাস্থ্য, শিক্ষাসহ সবকিছু বিনামূল্যেই দেওয়া হয়। এখানকার প্রত্যেকেই ৭ দিনই কাজ করেন। তাদের ছুটি বলে কিছু নেই। গ্রামটি প্রতিষ্ঠা করেন হুয়াক্সি ভিলেজ কমিউনিস্ট পার্টি কমিটির সাবেক সেক্রেটারি উ রেনবাও। জিয়াংশু প্রদেশে অবস্থিত হুয়াক্সি গ্রামের প্রতিটি বাড়িতে পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী কম করে হলেও দুটি গাড়ি রয়েছে। শুধু তা-ই নয়, ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের ব্যাংক-ব্যালেন্স রয়েছে। সঙ্গে রয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষা।
২০১১ সালে গ্রামটির ৫০ বছরপূর্তি উপলক্ষে ৩২৮ মিটার উঁচু বড় ভবন তৈরি করা হয়। গ্রামের সব বাসিন্দা একসঙ্গে সমবেত হওয়া ও খাওয়ার জন্য বিশাল জায়গা রয়েছে। গ্রামে জুয়া খেলা ও মাদকসেবন পুরোপুরি নিষিদ্ধ। গ্রামটির বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, গ্রাম ছাড়লেই সব শেষ! কেউ সঙ্গে কিছু নিতে পারবে না।
