ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাবার চালিত ট্রাক থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছে।
সোমবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড ফুটওভার ব্রিজের নিচে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত দুই সহোদর হলো- শরিয়তপুর জেলার নাজিম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম সিয়াম (৭) ও সাইফুল ইসলাম জেহাদ (৪)। তারা বাবার চালিত ট্রাকে করে মাকে নিয়ে চট্টগ্রাম বেড়াতে যাচ্ছিলেন।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকের সামনে বসিয়ে স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন নাজিম উদ্দিন। কিন্তু অসাবধানতাবশত হঠাৎ সিয়াম ও জেহাদ গাড়ির দরজা খুলে নিচে পড়ে যায়। তারপর বাবার চালিত ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ওই দুই ভাই নিহত হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ট্রাক এবং চালক বাবাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে দুই সন্তানের মৃত্যুর ঘটনায় স্বামী-স্ত্রীর আহাজারিতে ঘটনাস্থলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
আরও পড়ুন: কামাল হোসেনের ওপর হামলার ঘটনায় পুলিশকে ইসির চিঠি
ইত্তেফাক/এমআই
