চতুরাডাঙ্গী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত হোক

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২১:৪০

চতুরাডাঙ্গী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলাধীন টেপ্রীগঞ্জে ১৯৯৯ সালে স্থাপিত হয়। নন-এমপিও হিসেবে কয়েক বছর শিক্ষা কার্যক্রম চলে। কিন্তু শিক্ষক ও কর্মচারীরা বেতনভাতা না পাওয়ায় স্কুলটি বন্ধ হয়ে যায়। স্থানীয় সচেতন কিছু ব্যক্তির উদ্যোগে স্কুলটি পুনরায় চালু হয় ২০১৭ সালে। কিন্তু কিছু দিন আগের এমপিওভুক্তির তালিকায় স্কুলটির নাম নেই। অথচ স্কুলটির দুটি আধা পাকা ভবন এবং  নিজস্ব জমি ও খেলার মাঠও রয়েছে। আশেপাশে পাঁচ-ছয় কিলোমিটারের মধ্যে আর কোনো হাই স্কুল না থাকায় সবাই এই স্কুলের ওপরই নির্ভরশীল। দূরের স্কুলগুলোতে যেতে অধিকাংশ অভিভাবক ও ছেলেমেয়েরা অনীহা দেখায়। বিশেষ করে মেয়েদের ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তানদের জন্য দূরবর্তী স্কুলে যাতায়াত কষ্টসাধ্য ও ব্যয়বহুল। স্কুলটির আর্থিক সংকটের কারণে অনেক শিক্ষার্থীর ঝরে পড়া ও স্বাভাবিক শিক্ষায় ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে। তাই স্কুলটির শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নজরুল ইসলাম নোবু

দেবীগঞ্জ, পঞ্চগড়