জঙ্গি সংগঠন আনসারুল্লাহর সক্রিয় চার সদস্য গ্রেফতার

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২২:০৫

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪। গ্রেফতারকৃত জঙ্গিরা হলো—মাসুম মিয়া ওরফে মাসুম, রাকিবুল হাসান ওরফে সিয়াম, আবু বক্কর সিদ্দিক ওরফে এমরান ও আব্দুল্লাহ আল রোমান ওরফে রোমান খান। গতকাল রবিবার সকালে তাদের গ্রেফতার করা হয়। তারা সাতক্ষীরা অঞ্চলের জঙ্গি সদস্য ইকরামুল ইসলাম ওরফে মুত্তাকিন ওরফে আমীর হামজা ওরফে সালাউদ্দিন আইয়ুবীর অনুসারী বলে জানিয়েছে। 

র্যাব-৪-এর এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবিটির চার সদস্য নিজেদের সংগঠনটির সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে। গ্রেফতার হওয়া মাসুমের বাড়ি কুমিল্লা জেলায়। সে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে। ফেসবুকের মাধ্যমে এবিটির শীর্ষ নেতা আমীর হামজার অনুসারী হয় সে। অনলাইনে বিভিন্ন জঙ্গিবাদী আইডি থেকে জঙ্গিসংক্রান্ত পোস্ট ডাউনলোড করে। জঙ্গিদের সঙ্গে নিয়মিত মিটিংয়ে অংশ নিত। তিন বছর ধরে সে এই সংগঠনের সঙ্গে জড়িত। আমীর হামজাকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে।

আবু বক্কর সিদ্দিক র্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, সে একটি মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র। সে দুই বছর ধরে এই সংগঠনের সঙ্গে জড়িত। গ্রেফতার হওয়া রাকিবুল হাসানের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। সে স্থানীয় একটি মাদ্রাসায় ৮ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। আব্দুল্লাহ আল রোমান গাজীপুরের একটি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। সে এক সময় হরকাতুল জিহাদের সঙ্গে যুক্ত ছিল। পরে এবিটিতে যোগ দেয়।