জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ও পরিবীক্ষণ কাঠামো মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী সার্বিক মূল্যায়নে ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে রেলপথ মন্ত্রণালয় তৃতীয় স্থান অর্জন করেছে। গতকাল রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে সুশাসন সংহতকরণ ও একটি দুর্নীতিবিরোধী সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ২০১২ সালে প্রণীত ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়; জাতীয় শুদ্ধাচার কৌশল’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী ‘জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতকরণ’ এবং জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদ মেনে চলার প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত, শুদ্ধাচারী রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি দমন ও শুদ্ধাচার প্রতিপালন একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য পরাকৌশল হিসাবে কাজ করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
