প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছেছেন। মাদ্রিদে ‘রাষ্ট্র ও সরকারপ্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন’ (কপ-২৫)-এ যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট গতকাল রবিবার সকাল ১০টা ১৫ মিনিটে মাদ্রিদের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি স্থানীয় সময় বিকালে মাদ্রিদ টোরেজন বিমানবন্দরে অবতরণ করে। বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রাসহকারে প্রধানমন্ত্রীকে মাদ্রিদের হোটেল ভিলা ম্যাগনায় নিয়ে যাওয়া হয়। স্পেন সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলে অবস্থান করবেন। আজ
সোমবার সকালে প্রধানমন্ত্রী স্পেনের সর্ববৃহত্ প্রদর্শনীকেন্দ্র এবং ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ
ভেন্যু ফিরিয়া দ্য মাদ্রিদে ‘কপ-২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি কপ-২৫-এর ওয়ার্কিং সেশনে যোগ দেবেন এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তিনি ‘জাতীয় পরিকল্পনা, ২০২০ সালের মধ্যে উচ্চাভিলাষ বাড়ান’ শীর্ষক একটি গোলটেবিল আলোচানা ও ফটোসেশনে অংশগ্রহণ করবেন। শেখ হাসিনা আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে অংশগ্রহণ এবং অপরাহ্নে পুনরায় ওয়ার্কিং সেশনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী পরে সরকার ও নাগরিক সমাজের মিলিত কর্মকাণ্ড সম্প্রসারণ শীর্ষক একটি সংলাপেও অংশগ্রহণ করবেন। স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যায় রাজপ্রাসাদে স্পেনের রাজা ও রানি আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন তিনি। তিন দিনের সফর শেষে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের পথে রওনা হবেন। ঢাকার স্থানীয় সময় বুধবার রাত ১২টা ৪০ মিনিটে বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
কপ-২৫ নামে পরিচিত ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি), কিয়োটো প্রটোকলের (সিএমপি১৫) ১৫তম সভা এবং প্যারিস চুক্তির পক্ষগুলোর দ্বিতীয় সভাকে (সিএমএ২) অন্তর্ভুক্ত করবে।
এদিকে গতকাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ ও পুলিশের আইজিপি।
