বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দানব সরকারকে সরাতে হলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। আমাদের মধ্যে অনেকেই হতাশার কথা বলেন। মনে রাখতে হবে অন্ধকারের পরেই আসে নতুন ভোর। গতকাল রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, প্রফেসর দিলারা চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।
আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকারের এমপি-মন্ত্রী-নেতারা শুধু গলা উঁচিয়ে বলে বেড়াচ্ছেন উন্নয়নের রোল মডেল চলছে। এখন তারা সন্ত্রাস, নারী ধর্ষণ ও দুর্নীতির রোল মডেল। বাংলাদেশ এখন একটি সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। দুই মাসের শিশু থেকে শুরু করে ৯০ বছরের বৃদ্ধা অথবা তরুণ-যুবক, বাবা, ভাই, কেউ কিন্তু এখানে নিরাপদ না।
মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার একটির পর একটি ইস্যু তৈরি করছেন, যেন আমরা কোন ইস্যুতে সীমাবদ্ধ থাকতে না পারি। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, পদ্মা সেতু ৬ দশমিক ১৫ কিলোমিটার; ভূপেন হাজারিকা সেতু ৯ দশমিক ৩ কিলোমিটার। সেটা তৈরি হয়েছে ১ হাজার ১০০ কোটি টাকায়। কিন্তু পদ্মা সেতুর নির্মাণ ব্যয় প্রথমে ১০ হাজার কোটি টাকা ধরা হলেও এখন তা ৩০ হাজার কোটি টাকা করা হয়েছে। এই টাকা কোথায় যাচ্ছে জনগণের সেটা বুঝতে বাকি নেই।
পেঁয়াজ প্রসঙ্গে মান্না বলেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমাদের দেশে পেঁয়াজ নেই, বন্ধুরা আমাদের পেঁয়াজ না দিয়ে মালদ্বীপে পাঠিয়েছে।
