চট্টগ্রাম-৮ উপনির্বাচন ১৩ জানুয়ারি, ভোট হবে ইভিএমে

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ০০:১৬

চট্টগ্রাম-৮ শূন্য আসনে (বোয়ালখালী-চাঁদগাঁও) উপনির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তপশিল অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৩ জানুয়ারি। ভোট গ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

গতকাল রবিবার বিকালে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ভোটের তপশিল ঘোষণা করেন। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১২ ডিসেম্বর, বাছাই ১৫ ডিসেম্বর, প্রত্যাহার ২২ ডিসেম্বর। ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সাবেক সভাপতি মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন।

এদিকে বিভিন্ন দলের প্রার্থীরা ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছেন। এরই মধ্যে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে প্রার্থী হবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রধান আবুল কালাম আজাদ। আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।

দুই উপজেলা-পৌরসভায়ও একই দিন ভোট : আগামী ১৩ জানুয়ারি বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভা ও চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের তপশিলও চট্টগ্রাম-৮ আসনের অনুরূপ। পৌরসভা নির্বাচনটির রিটার্নিং কর্মকর্তা হিসেবে বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলার নির্বাচনটির রিটার্নিং কর্মকর্তা হিসেবে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে। এই দুই নির্বাচনও ইভিএমে সম্পন্ন করবে নির্বাচন কমিশন।