পোশাকে বিজয়ের রং

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৩

 

বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে পৃথিবীর বুকে জেগে উঠেছিল এক নতুন দেশের মানচিত্র, যার নাম বাংলাদেশ। বিজয়ের আনন্দে প্রতিবছর আমরা দিনটিকে আমরা স্মরণ করি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে। দিবসটি সামনে রেখে পোশাকে বিজয়ের রং নিয়ে দেশীয় ফ্যাশন হাউসগুলো সেজেছে বর্ণিল রূপে। বিজয়ের পোশাক নিয়ে লিখেছেন নওশীন শর্মিলী

আমাদের ফ্যাশন হাউসগুলো নতুন প্রজন্মকে পোশাকের দিক থেকে করেছে স্বদেশমুখী। তাদের ডিজাইনের একটা বড় অংশজুড়ে থাকে দেশাত্মবোধের চেতনা। এবারের বিজয় দিবস উপলক্ষে লাল-সবুজের প্রত্যয়ে আবারও সে চেষ্টাই চালিয়েছেন তারা। মূলত ফ্যাশনের ধারা সময়কে ধারণ করে। স্টাইল, স্মার্টনেস, আউটলুকের সামগ্রিক কনসেপ্টে বৈচিত্র্য এলেও বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ফ্যাশনে দেশাত্মবোধের ভাবধারাটি প্রাধান্য পায়। এর সঙ্গে আমাদের অন্যান্য উত্সবকেন্দ্রিক ফ্যাশন প্রবাহের রয়েছে এক বিরাট তফাত। তাই তো আজ পোশাকে ডিজাইন, নকশা ও রঙে উঠে আসে বাংলাদেশের অবিস্মরণীয় জন্ম লাভের ইতিহাস। তাতে রয়েছে বাঙালির স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা, মমতা এবং এক রক্তক্ষয়ী ইতিহাসের প্রবল অনুরণন। যে অনুরণনের প্রতিটি পল-অনুপলে রয়েছে স্বাধীনচেতা বাঙালির হাজার বছরের ঐতিহ্যের মহিমান্বিত গৌরবগাথার মহোত্তম স্বপ্ন বিকাশের আদিগন্ত স্ফূরণ। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর এই অর্জনের ভেতর দিয়েই অন্ধকার সরিয়ে সরিয়ে আজ বাঙালি পথ চলেছে বিজয়ের আলোয়। ‘বিজয়’ এখন অনুষঙ্গ হিসাবে ফ্যাশনে যোগ করেছে নতুন মাত্রা। এ ফ্যাশন-স্টাইলে উত্সবী আমেজ থাকলেও তারচেয়ে বেশি থাকে দেশাত্মবোধ তথা দেশপ্রেম। আর সে কারণেই বিজয়, স্বাধীনতা ও ভাষা দিবসের ফ্যাশনের প্রথম চিত্রকল্প হিসাবে পোশাকে, শোপিসে, পটে উঠে আসে মুক্তিযুদ্ধের স্থিরচিত্রের চিত্রকর্ম, বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথের মুখচ্ছবি। ৭১ নিয়ে বাঙালির যেমন হূদয় ছোঁয়া, মর্মস্পর্শী, আবেগঘন অনুভূতি রয়েছে; তেমনি রয়েছে অর্জনের আনন্দও। ফলে দুটি রূপেরই প্রতিফলন ঘটে ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ ও ২১ ফেব্রুয়ারির ফ্যাশন কনসেপ্টে। আর এই ফ্যাশনবোধের মর্মকথাটা চিত্র ও পঙক্তির মাধ্যমে পোশাকে উত্কীর্ণ করার সফল প্রয়াসটা প্রতিবছরের এই বিশেষ দিনগুলোতে করে থাকেন প্রতিষ্ঠিত ফ্যাশন হাউসগুলোর ডিজাইনারেরা। এবারের বিজয় দিবস নিয়েও এর ব্যতিক্রম হয়নি। এর মধ্যে দেশীয় ফ্যাশন হাউসগুলো বিভিন্ন প্রজন্মের ফ্যাশনসচেতনদের জন্য নিজ নিজ আউটলেট সাজিয়েছে পোশাকের মনোহর সমাহারে। যেহেতু বিজয় দিবস তাই টি-শার্ট, ফতুয়া, পাঞ্জাবি, থ্রিপিস, শাড়িসহ নানা পোশাকে প্রাধান্য পেয়েছে লাল ও সবুজ রং। আমাদের জাতীয় পতাকার রঙকে তুলির আঁচড়ে নান্দনিকভাবে পোশাকের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। বিজয়ের রং দিয়ে রাঙানো পোশাকগুলো আপনি পাবেন দেশীয় ফ্যাশন হাউস কে ক্র্যাফট, রঙ বাংলাদেশ, অঞ্জন’স, বিবিআনা, দেশাল, নিত্যউপহার, নিপুণ, বাংলার মেলাসহ অন্যান্য ফ্যাশন হাউসের আউটলেটে। শুধু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে নয়, দায়িত্ব ও মূল্যবোধ থেকেই বিজয় দিবসের বিশেষ আয়োজন করে থাকে তারা। লাল-সবুজ আমাদের পতাকার রং, আমাদের বিজয়ের প্রতীক। তাই এই ডিসেম্বর মাসজুড়ে লাল-সবুজ নিয়েই তাদের যত আয়োজন। শীতের আগমনে পোশাকের এই আয়োজনে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। এগুলোতে ব্যবহার করা হয়েছে মোটা সুতি ও খাদি কাপড়। শাড়ি, থ্রিপিস, ফতুয়া, পাঞ্জাবি, কুর্তা, টি-শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে বাংলাদেশ লেখা সংবলিত ও লাল-সবুজ রঙের মাধ্যমে উঠে এসেছে দেশীয় ভাবনা। পাশাপাশি দেশীয় সংস্কৃতির বিভিন্ন উপাদান এসেছে ডিজাইনের অনুষঙ্গ হিসাবে। কাজের মাধ্যম হিসাবে এসেছে টাইডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি। আর এসব পোশাকের দাম ক্রেতাদের নাগালের মধ্যেই। এবারের বিজয়ের পোশাক নিয়ে রঙ বাংলাদেশ-এর সিইও সৌমিক দাস বলেন, ‘আমরা সব সময়ই পোশাক ডিজাইন ও চিন্তাভাবনায় দেশীয় ঐতিহ্য ও গর্ব করার মতো বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস আমাদের জীবনে একটি বিশেষ গর্ব করার মতো বিষয়।

তাই মহান বিজয় দিবসকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারও বিজয়ের পোশাক নিয়ে বিশেষ আয়োজন করেছি। মুক্তিযুদ্ধ বিষয়ক ডাকটিকেট, মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা, ছবি, আমাদের জাতীয় ফুল শাপলা ও স্মৃতিসৌধ এবারের আয়োজনে অনুপ্রেরণা হিসাবে ব্যবহূত হয়েছে। আমাদের পতাকার লাল ও সবুজ রং পোশাক ডিজাইনে বেশি গুরুত্ব পেয়েছে। এবারের আয়োজনে শাড়ি, পাঞ্জাবি, মেয়েদের টপস, সালোয়ার-কামিজ, টি-শার্ট পাওয়া যাবে। এছাড়া শিশু-কিশোরদের জন্য থাকছে পাঞ্জাবি, শাড়ি, টি-শার্ট, ফ্রক ও সালোয়ার-কামিজ। মহান বিজয়ের দিনটিকে সুন্দরভাবে উদযাপন করার জন্য পোশাকগুলোর মূল্যও তুলনামূলকভাবে কম রাখা হয়েছে।’

                 মডেল      মুমতাহিনা, অন্তু করিম ও বৃষ্টি

              পোশাক     রঙ বাংলাদেশ

               ছবি      মুনতাকিম