সোনারগাঁয়ে বালু মহলের টাকা ভাগাভাগি নিয়ে যুবক খুন

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২০:২৭

সোনারগাঁ উপজেলায় বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় অবৈধ বালুমহলের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে জাকির হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জাকির হোসেন খামারগাঁও গ্রামের মৃত আরজ আলীর ছেলে।

এ সময় আহত হয়েছেন টেকপাড়া আমিরাবাদ এলাকার নুর মিয়ার ছেলে আল-আমিন (৩৩), ইয়ানুসের ছেলে আবু হানিফ (৩১) ও আয়ুব আলী মেম্বারের ছেলে সিরাজ (৩৭)। গত রবিবার গভীর রাতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের টেকপাড়া আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই মনির হোসেন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আনন্দবাজার এলাকায় মেঘনা নদী থেকে বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেন ও নুর মিয়ার ছেলে আমির হোসেনের নেতৃত্বে বালু মহালের ইজারাবিহীন অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে আসছে। ওই বালুমহলের টাকা ভাগাভাগি নিয়ে গত রবিবার রাতে নবী হোসেন ও আমির হোসেনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় উভয় গ্রুপের মধ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গোলাগুলি ও ধারলো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে জাকির হোসেন, আল-আমিন, আবু হানিফ ও সিরাজ নামে ৪ জন মারাত্মকভাবে আহত হয়। এদের মধ্যে আহত জাকির হোসেনকে ঢাকা কলেজ মেডিকেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জাকির হোসেনের বড় ভাই মনির হোসেন আরও জানান, বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেন ও আয়ুব আলী মেম্বারের ছেলে সিরাজ তার ভাই জাকির হোসেনকে হত্যা করেছে। 

আরও পড়ুন: কুবিতে পরীক্ষার্থীর ভুলেই অনুপস্থিত শিক্ষার্থী মেধাতালিকায়!

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, জাকির হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় পরিবেশ শান্ত রয়েছে। তিনি আরও জানান থানায় মামলা প্রস্তুতি চলছে। 

ইত্তেফাক/নূহু