বার্সাকে শীর্ষে ফেরালেন মেসি

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২১:১৯

স্পোর্টস ডেস্ক

আগের দিন জয় নিয়ে এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনাকে টপকে লা লিগার শীর্ষে উঠে এসেছিল রিয়াল মাদ্রিদ। গত রবিবার রাতে অধিনায়ক লিওনেল মেসির একমাত্র গোলে লা লিগা শিরোপাধারী বার্সা রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে আবারও উঠে এসেছে পয়েন্ট তালিকার চূড়ায়।

ক্লাবের ১২০ বছর পূর্তি উপলক্ষ্যে গত রবিবার অ্যাটলেটিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় কাতালুনিয়ার পতাকার রঙে বানানো জার্সিতে নেমেছিল বার্সা। কমলা-হলুদ জার্সিতে শুরুটা কী বিবর্ণই না ছিল কাতালানদের! রক্ষণভাগের ব্যর্থতায় দুটো লক্ষ্যে শট হজম করলেও গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের বীরত্বে গোল হজম ছাড়াই প্রথমার্ধ শেষ করে দলটি।

শুরুর হতশ্রী বার্সা যদিও প্রথমার্ধের শেষ দিকেই নিজস্ব ঢঙে ফিরেছিল, তবুও তাদের গোলের জন্যে অপেক্ষা করতে হয়েছে ৮৬ মিনিট পর্যন্ত। লুই সুয়ারেজের সঙ্গে ওয়ান টু পাস খেলে বক্সের বাইরে থেকেই দারুণ এক শটে অ্যাটলেটিকোকে হতাশায় পোড়ান মেসি। এর আগে অবশ্য সুয়ারেজেরই ক্রস থেকে দারুণ সুযোগ নষ্ট করেন আন্তনিও গ্রিজমান। তবে এরপর মেসির লক্ষ্যভেদ ১-০ ব্যবধানের জয় আর পূর্ণ তিন পয়েন্ট পাইয়ে দেয় বার্সেলোনাকে। এর ফলে ১৪ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে রিয়ালকে টপকে পয়েন্ট তালিকার চূড়ায় উঠে এলো দলটি।

ছয় বারের ফিফা বর্ষসেরার নৈপুণ্যে আরো একবার জয় নিয়ে মাঠ ছাড়ার পর কোচ আর্নেস্তো ভালভার্দে জানালেন বড়ো ম্যাচে মেসিকে দলে পাওয়া বড়ো একটা সুবিধাই। তিনি বলেন, ‘যখন ম্যাচগুলো কঠিন হয়ে যায় এবং প্রতিপক্ষ শক্তিশালী হয় তখন মেসিকে দলে পাওয়া বড়ো একটা সুবিধাই বয়ে আনে দলের জন্যে।’

অ্যাটলেটিকোর আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনেও প্রশংসায় ভাসালেন স্বদেশী মেসিকে, ‘এমন একটা গোলের পর আপনার দাঁড়িয়ে হাত তালি দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। প্রতি-আক্রমণটা যখন শুরু হয়েছিল তখনই বিপদের গন্ধ পাচ্ছিলাম, এরপর তো সে দারুণ এক গোলই করে বসল!’

চলতি ২০১৯-২০ মৌসুমের পুরোটা জুড়েই প্রতিপক্ষের মাঠ মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়াচ্ছে বার্সেলোনার সামনে। এ ম্যাচেও ব্যতিক্রম কিছু ঘটেনি দলটির ভাগ্যে। তবে জয় পাওয়ার পর শুরুর ভগ্নদশাকে পাত্তা দিতে নারাজ বার্সেলোনা কোচ, ‘আমরা শুরুতে ভুগেছিলাম কিন্তু এরপর আমরা তিন পয়েন্ট নিয়ে ফিরেছি। আমরা এখন আর খারাপ ব্যাপারটা নিয়ে ভাবব না।’ জয়ের একটা বড়ো কৃতিত্ব গোলরক্ষক স্টেগেনকেও দিলেন বার্সা কোচ। স্বাগতিক ডিফেন্ডার মারিও এরমোসোর দারুণ এক শট দারুণ রিফ্লেক্স দিয়ে ঠেকান জার্মান এ গোলরক্ষক। বিরতির আগে আলভারো মোরাতার হেডও স্টেগান ফিরিয়েছেন দারুণ দক্ষতায়। ভালভার্দে বলেন, ‘মাঠে এমন দুজন গোলরক্ষক ছিলেন যারা অলৌকিক কিছু করার ক্ষমতা রাখে আর তারা প্রায়ই অসাধারণ সব শট রুখে দেয়।’

ম্যাচের শেষদিকে চোট নিয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার জেরার্ড পিকে। তবে ভালভার্দে জানালেন, খুব গুরুতর নয় তার চোট। তিনি বলেন, ‘আমি মনে করি সে ঠিকই আছে। সে খেলা চালিয়ে যেতে পারত কিন্তু আমরা ঝুঁকি নিতে চাইনি।’