ধর্ষকদের গণপিটুনিতে হত্যা করা উচিত :জয়া বচ্চন

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২১:৫১

 

ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক তরুণী পশু চিকিত্সককে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যসভার সদস্য ও প্রখ্যাত অভিনেত্রী জয়া বচ্চন। অভিযুক্ত ধর্ষকদের প্রকাশ্যে গণপিটুনি দিয়ে হত্যা করা উচিত বলে মন্তব্য করেন তিনি। ঐ ঘটনায় কঠোর শাস্তি দাবি করে ভারতের বিভিন্ন স্থানে ক্ষোভ প্রকাশ করেছেন আরো অনেক শ্রেণি-পেশার মানুষ।

সমাজবাদী পার্টির এমপি জয়া বচ্চন সোমবার লোকসভায় বলেন, ‘এ ধরনের মানুষকে (তেলেঙ্গানা ধর্ষণ ও হত্যার মামলার অভিযুক্তদের) জনসম্মুখে নিয়ে এসে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা উচিত। তিনি বলেন, আমি জানি না এ ধরনের অপরাধের পর কতবার দাঁড়িয়েছি এবং কথা বলেছি। তবে আমি মনে করি, এটাই উপযুক্ত সময়...সেটা নির্ভয়া কিংবা কাঠুয়া কিংবা তেলেঙ্গানা হোক না কেন... আমার মনে হচ্ছে জনগণ এ ব্যাপারে সরকারের কাছে যথাযথ এবং সুনির্দিষ্ট জবাব চায়।’ খবর আনন্দবাজার, এনডিটিভি ও বিবিসির

জয়া বলেন, ‘সরকার কি করেছে? তারা এটা কীভাবে মোকাবিলা করছে? ভুক্তভোগীদের জন্য কী ধরনের ন্যায়বিচার করা হয়েছে। আমি কারো নাম নিচ্ছি না...কিন্তু এর জন্য কি নিরাপত্তা ব্যবস্থা দায়ী নয়। মাত্র একদিন আগে তেলেঙ্গানায় এ ধরনের ঘটনা ঘটেছে... এটা কেন বন্ধ করা যায়নি?’ নারী এবং শিশুদের সুরক্ষায় যারা ব্যর্থ হচ্ছে তাদের নাম প্রকাশের দাবি জানান তিনি।

এদিকে ঐ ঘটনায় তেলেঙ্গানার পাশাপাশি সারা ভারতে ক্ষোভ তৈরি হয়েছে, রাস্তায় নেমে ধর্ষকদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ করছেন দেশটির শত শত মানুষ। ঘটনার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভের জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের। রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বলেছেন, ‘এ এক ভয়ংকর ঘটনা। ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচার হবে।’