কমলনগরে ‘ল্যাম্পি স্কিন’ আতঙ্কে খামারি ও কৃষক!

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২১:৫৪

এম এ মজিদ, কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

কমলনগরে গত দুই মাসে প্রায় ১০ হাজারের ওপর গরু ‘ল্যাম্পি স্কিন’ ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে। রোগটি দ্রুত ছড়িয়ে পড়েছে। এ রোগ নিরাময়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসে নেই কোনো ভ্যাকসিন। তাই আতঙ্কিত উপজেলার ৫৪টি ডেইরি খামারি ও গরু পালনকারী কৃষক।

উপজেলা প্রাণিসম্পদ অফিসের তথ্য মতে, এ উপজেলায় ১০-১২ হাজার গরু ল্যাম্পি স্কিন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েছে। তবে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কাজ করে এমন একজন ভেটেরিনারি চিকিত্সক, স্থানীয় কৃষক ও খামারিরা জানিয়েছেন উপজেলায় এ রোগে আক্রান্ত গরুর সংখ্যা প্রায় ২০ হাজার ছাড়িয়েছে।

চর লরেন্স ইউনিয়নের ডেইরি খামারি সাইফুল ইসলাম ফাহাদ বলেন, আমার খামারের ১০টি গরুর সব কটিই আক্রান্ত। চরফলকন গ্রামের আলী হোসেন বলেন, আমার পাঁচটি গরুই আক্রান্ত, গুটি ফেটে পুঁজ বের হচ্ছে। চরকাদিরা ইউনিয়নের দিদার হোসেন জানান, তার আক্রান্ত গরু মৃত বাছুর প্রসব করেছে গাভিটি বর্তমানে সংকটাপন্ন।

তারা জানান, ব্যাপক সংখ্যক পশু আক্রান্ত হওয়ায় বাজারে ব্যাকটিরিয়াল ওষুধ, অ্যান্টিহিস্টামিন ও পেইনকিলারের সংকট দেখা দিয়েছে। দামও প্রচুর, ব্যয়ভার বহন করা দরিদ্র কৃষক ও খামারির পক্ষে কষ্টকর।

উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কাজ করে এমন একজন গ্রাম্য ভেটেরিনারি চিকিত্সক প্রয়ণ চন্দ্র ভৌমিক জানান, আক্রান্ত পশুর সংখ্যা প্রায় ২০ হাজার ছাড়িয়ে গেছে। প্রতি মুহূর্তে আক্রান্ত পশুর সংখ্যা বেড়েই চলছে। চিকিত্সার জন্য ব্যাকটিরিয়াল ওষুধ, অ্যান্টিহিস্টামিন ও পেইনকিলারের সংকট দেখা দিয়েছে।     

উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন আক্তারুজ্জামান বলেন, এ রোগের সঠিক প্রতিকার নে্ই, তবে তিনি পরামর্শ দিয়েছেন প্রতিরোধ হিসেবে মশারি টিনচার ও বায়োডিন ব্যবহারের। তিনি বলেন, উপজেলার ৯টি ইউনিয়নে রোগটি ছড়িয়ে পড়েছে। কৃষক ও খামারিদের সেবা দিতে মাঠ পর্যায়ে আমাদের ২২ জন কর্মী সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। এ রোগের কোনো ওষুধ ভেটেরিনারি বিভাগের কাছে নেই এমনকি বাজারেও নেই। তবে পশু আক্রান্ত হওয়ার অন্য কোনো ব্যাকটিরিয়াল রোগ যেন না দেখা দেয় তার জন্য আমরা অ্যান্টিবায়োটিক অ্যান্টিহিসটামিন ও পেইনকিলার ওষুধ সাজেস্ট করছি।  এ রোগের প্রতিকার হিসেবে গোটফক্সিন ভ্যাকসিনের চাহিদা প্রাণিসম্পদ অধিদপ্তরে দিয়েছি। তিনি কৃষক ও খামারিদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।