ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে রান্নার গ্যাস গত মাস থেকে সিলিন্ডার প্রতি দাম ১০০ টাকা করে বেড়েছে। বিপাকে পড়েছে ব্যবহারকারীরা। সুযোগ বুঝে এক শ্রেণির খুচরা বিক্রেতা আরো বেশি নিচ্ছে।
ঝিনাইদহ শহরের গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটর মিজানুর রহমান জানান, যমুনা, টোটাল ও ওমেরা গ্যাস খুচরা প্রতি সিলিন্ডার ৮৭০ টাকা করে বিক্রি করছিলেন। কোম্পানিগুলো দাম বৃদ্ধি করায় এখন ৯৭০ টাকা করে বিক্রি করছেন।
পাশের দোকানদার জানান, নাভানা গ্যাস খুচরা প্রতি সিলিন্ডার ৮২০ টাকা ও লাফস প্রতি সিলিন্ডার ৮৪০ টাকা করে বিক্রি করছিলেন। এখন প্রতি সিলিন্ডার নাভানা ৯৮০ টাকা লাফস ৯৫০ টাকা দরে বিক্রি করছেন। বেক্সিমকো গ্যাসের দাম ৯৬০ টাকা থেকে বেড়ে ৯৮০ টাকা হয়েছে। পেট্রোম্যাস্ক এর দাম ৯০০ থেকে বেড়ে ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
শৈলকুপার ক্ষুদ্র চা-দোকানদার রতন কুমার বলেন, গ্যাসের দাম বৃদ্ধিতে গরিব মানুষ সমস্যায় পড়েছে। আগে প্রতি সিলিন্ডার ৯২০ টাকায় কিনতেন। এখন ১ হাজার ২০ টাকায় কিনতে হচ্ছে।
ক্যাবের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আমিনুর রহমান টুকু বলেন, একের পর এক নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস শুরু হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের বাজার মনিটরিং জোরদার করা প্রয়োজন।
