কুমিল্লা রাইফেল ক্লাবের ক্যাম্পাস যেন পরিত্যক্ত স্থাপনা!

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২১:৫৫

শুটিং প্রশিক্ষণ বন্ধ

মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ ন্যাশনাল শুটিং ফেডারেশনের একটি শাখা ‘কুমিল্লা রাইফেল ক্লাব’। এটি কুমিল্লা শহরের রেইসকোর্স (পুলিশ লাইনে) এলাকায় ১৯৬৫ সালে স্থাপিত হয়। এক সময় বেশ কার্যক্রম থাকলেও দীর্ঘদিন ধরে নানা সমস্যার কারণে শুটিং প্রশিক্ষণ বন্ধ রয়েছে। কুমিল্লা সরকারি কলেজ লাগোয়া সুউচ্চ সীমানা প্রাচীরঘেরা এই ক্লাবের ক্যাম্পাস যেনো এখন পরিত্যক্ত স্থাপনা, ভূতুড়ে বাড়ি।

তবে ক্লাব পরিচালনায় রয়েছে ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি। কমিটিতে পদাধিকারবলে এই ক্লাবের সভাপতি জেলা প্রশাসক ও সহসভাপতি পুলিশ সুপার। বর্তমানে এ ক্লাবের সদস্য সংখ্যা ১৪৮ জন। ক্লাব ঘুরে সংশ্লিষ্ট লোকজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, এই ক্লাবের জরাজীর্ণ ভবন। সংস্কারের অভাবে স্থাপনাগুলো মুখ থুবড়ে পড়ে আছে। নিজস্ব মাঠটিও ব্যবহারের অনুপযোগী। ক্লাব প্রতিষ্ঠার শুরু থেকে নিজস্ব ৫০ মিটার, ২৫ মিটার ও ১০ মিটার শুটিং রেঞ্জ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কমিটির একাধিক সদস্য জানান, এই ক্লাবের কমিটি প্রায় নিষ্ক্রিয়। নিয়মিত শুটার দিয়ে সপ্তাহে দুদিন প্রশিক্ষণ পরিচালনা এবং বিভিন্ন স্কুল-কলেজ থেকে আগ্রহী শুটার সংগ্রহ করার কথা থাকলেও ভবন সংকটসহ নানা সমস্যার কারণে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ হয়ে আছে।

এদিকে কুমিল্লা জেলা প্রশাসনের ওয়েবসাইটেও এই ক্লাবের সাইটের তথ্য হালনাগাদ নেই।

কুমিল্লা রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল ইসলাম জানান, বিগত সময়ে শুটিং গেমসের বিভিন্ন পর্যায়ে এই ক্লাব জাতীয় পুরস্কার অর্জন করেছে। কিন্তু নানা সমস্যার কারণে এসব অর্জন ম্লান হতে চলেছে। ক্লাবের ভবন ও মাঠ ব্যবহারের অনুপযোগী হওয়ায় শুটিং প্রশিক্ষণ কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। তাই জাতীয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ শুটিং অ্যাসোসিয়েশনের কাছে এই ক্লাবের উন্নয়নে বরাদ্দ চাওয়া হয়েছে।

ক্লাবের সভাপতি কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, নতুন ভবন নির্মাণ ও প্রশিক্ষণ সরঞ্জাম বরাদ্দ পাওয়া গেলে এ ক্লাব থেকে আন্তর্জাতিকমানের শুটার তৈরি করা সম্ভব। ক্লাবের মাঠ সংস্কার ও আধুনিকায়নের ব্যাপারে সহসাই পদক্ষেপ নেওয়া হবে।