দৌলতদিয়া ফেরিঘাট
মো. মাহফুজুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি
চলতি শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে পর্যাপ্ত পানি কমে যাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া-মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে চলছে ফেরিঘাটগুলোর কাজ। এখন দৌলতদিয়ার ছয়টি ফেরি ঘাটের ১, ২ ও ৬ নম্বর ঘাটগুলো সাময়িক বন্ধ রয়েছে এবং ৩, ৪ ও ৫ নম্বর ঘাট দিয়ে যানবাহন ফেরিতে ওঠানামা করছে। জানা গেছে, এ বছরের বর্ষা মৌসুমে দৌলতদিয়ার ছয়টি ঘাটের মধ্যে ১ ও ২ নম্বর ঘাটটি পদ্মা নদীর ভাঙনের মুখে পড়ে।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ পদ্মায় বিলীন ১ ও ২ নম্বর ঘাটটি দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু করতে অ্যাপ্রোচ সড়কের কাজ শুরু করেছে। কর্তৃপক্ষ বলছেন, আগামী দুই দিনের মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের ছয়টি ঘাটে যানবাহন পারাপারের উপযোগী করা সম্ভব হবে।
সম্প্রতি দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা গেছে, বর্ষা মৌসুমের চেয়ে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর দৌলতদিয়া প্রান্তে প্রায় ১৮ ফুট পানি কমে গেছে। এতে করে দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়ক কেটে লো-ওয়াটার লেভেল করার জন্য কাজ চলছে।
অপর দিকে ২ নম্বর ফেরিঘাটের লো-ওয়াটার লেভেলের কাজ শেষ হলেও ঘাটে পন্টুন এখনও যুক্ত করা হয়নি। যে কোনো সময় পন্টুন যুক্ত করে দেওয়া হলে ২ নম্বর ঘাটটি পুনরায় চালু হবে। এদিকে দৌলতদিয়া ৩ ও ৪ নম্বর ফেরিঘাটের মাঝামাঝিতে নতুন করে ৬ নম্বর ঘাটটি চালু করার জন্য কাজ চলছে। পুরাতন ৬ নম্বর ঘাটটি অ্যাপ্রোচ সড়ক থেকে লো-ওয়াটার লেভেলের কাজের উপযোগী নয় বলেই ঘাটটি সরিয়ে দেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএর টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট মো. শহিদুল ইসলাম বলেন, গত বর্ষা মৌসুমে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ঘাট প্রান্তে হাই ওয়াটার স্টেজ (লেভেল) মাত্রার ৮ দশমিক ৭৭ মিটার দেখা যায়। সেই থেকে ৩০ নভেম্বর দৌলতদিয়া ঘাটে নদীতে পানি কমে ৪ দশমিক ২৪ মিটারে নেমেছে।
বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী মো. তরিকুল ইসলাম বলেন, দৌলতদিয়ার ছয়টি ঘাটের নদীগর্ভে বিলীন ১ ও ২ নম্বর ঘাট দুটি লো-ওয়াটার লেভেলে এনে যানবাহন নদী পারাপারের উপযোগী করতে কাজ চলমান রয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যেই ঘাটগুলো সচল হবে। ৬ নম্বর ঘাটটিতে লো-ওয়াটার লেভেলে আনার অনুপযোগী হওয়ায় ঘাট স্থানান্তর করে ৩ ও ৪ নম্বর ঘাটের মাঝামাঝিতে আনা হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসকের সমন্বয় সভার আলোচনায় দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের ভাটির দিকে আরো দুটি নতুন বিকল্প ঘাট নির্মাণের প্রস্তাব হয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৫টি ছোটো-বড়ো ফেরি যানবাহন পারাপারে সার্বক্ষণিক চলাচল করছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, ‘চলতি বর্ষা মৌসুমে দৌলতদিয়ার ছয়টি ফেরিঘাট ব্যবহার করতে পারিনি। দৌলতদিয়ার ৬ নম্বর ঘাটের ভাটিতে আরো দুটি নতুন ঘাট নির্মাণের জন্য মন্ত্রণালয়ে আমাদের একটা প্রস্তাব রয়েছে। সর্বত্র দৌলতদিয়া ঘাটের ছয়টি ঘাট সচল রাখার কাজ চলছে।
