চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশ উপজেলার দোহাজারী তদন্ত কেন্দ্র পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে ছাবের আহমদ নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
রবিবার সন্ধ্যা ৭টায় দোহাজারী পৌর এলাকার বার্মা কলোনিসংলগ্ন শঙ্খ নদে তিনি লাফ দেন।
নিখোঁজের স্ত্রী রওশন আরা অভিযোগ করেন, সন্ধ্যায় তার স্বামী দোহাজারীর বার্মা কলোনিতে চায়ের দোকানে টেলিভিশন দেখছিলেন। ঐ সময় পুলিশের তাড়া খেয়ে তিনি শঙ্খ নদে ঝাঁপ দেন।
এ ব্যাপারে দোহাজারী তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মনির হোসেন বলেন, পুলিশ ছাবের আহমদকে ধাওয়া করেনি।
এদিকে চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান জানান, নিখোঁজের সন্ধানে শঙ্খ নদে ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে।
