বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন বিভাগে বিভিন্ন পদে ১৩ থেকে ২০ তম গ্রেডের (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) কর্মচারী দীর্ঘ প্রায় ৩০/৩২ বছর ধরে ওয়ার্কচাজড হিসেবে কাজ করছেন। আমার পিতা ঐ ১৬৮ জনের একজন। দীর্ঘ ৩০ বছর সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার পরও তাঁদের চাকরি সরকারি (রাজস্ব খাতে) করা হয়নি। এর মধ্যে অনেকের চাকরিকাল শেষ হয়েছে এবং অনেকেরই চাকরির মেয়াদ শেষ হওয়ার পথে। নিয়মিত না হলে চাকরি থেকে অবসরের আর্থিক সকল সুবিধা ও পেনশন পাওয়া থেকে বঞ্চিত হতে হবে তাঁদের। ফলে ১৬৮ জন কর্মচারী মহামান্য হাইকোর্টে চাকরি স্থায়ী করার জন্য রিট পিটিশন নং-৮৭৯২/২০১৬ দায়ের করেন এবং মহামান্য সুপ্রিমকোর্টের সিভিল পিটিশন ফর লিভ টু নং-২১৩৫/২০১৮-এর আদেশবলে কার্যভিত্তিক কর্মচারীদের ১৬৮ জনকেই নিয়মিত করার আদেশ দেন। তারপরও গণপূর্ত অধিদপ্তর এ পর্যন্ত তাঁদের চাকরি নিয়মিত করার ব্যাপারে উদ্যোগ নেয়নি। এ অবস্থায়, অসহায় কর্মচারীর সন্তান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ ব্যাপারে বিনীত অনুরোধ জানাচ্ছি।
আনোয়ার সাহদত
সাহেব বাজার, রাজশাহী
