নতুন দল গঠনকারীদের বাদ দিল মেননের পার্টি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:২৬

দশম কংগ্রেস বর্জন করে যেসব নেতা নতুন দল গঠন করেছেন তাদেরকে পার্টি থেকে বাদ দিয়েছে রাশেদ খান মেননের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল সোমবার পার্টির পলিটব্যুরোর সভার শেষদিনে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, দশম কংগ্রেস বর্জনকারী যেসব সদস্যের সদস্যপদ স্থগিত করা হয়েছিল, পার্টির শৃঙ্খলাবিরোধী তত্পরতায় জড়িত হওয়ায় তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে।

গতকালের সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, দেশে ক্রমবর্ধমান বৈষম্য ও অর্থনৈতিক লুটপাট বন্ধ করা, নারী-শিশু ধর্ষণ ও সহিংসতা প্রতিরোধ, মাদকাসক্তি নিরোধ এবং সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গি প্রতিরোধসহ ২১ দফা কর্মসূচি নিয়ে দেশের ছয়টি বিভাগীয় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। কর্মসূচি অনুযায়ী ২৮ ডিসেম্বর যশোরে, ১৩ জানুয়ারি বরিশালে, ৩১ জানুয়ারি চট্টগ্রামে, ২৫ জানুয়ারি রংপুরে, ৭ ফেব্রুয়ারি সিলেটে ও ৮ ফেব্রুয়ারি রাজবাড়ীতে সমাবেশ করা হবে। পার্টির উদ্যোগে জেলায়-জেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন অব্যাহত রাখা এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচিও নেওয়া হয়েছে। কৃষক-খেতমজুরদের উদ্যোগে খোদ কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে জেলা প্রশাসকের কাছে ডেপুটেশন (ধরনা) দেওয়ার কর্মসূচিও নিয়েছে ওয়ার্কার্স পার্টি।

পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত পলিটব্যুরোর সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরেকবার বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। আগামী ১৭ জানুয়ারি অমল সেনের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে যশোরের বাকড়ীতে দুই দিনব্যাপী স্মরণমেলা ও আলোচনা সভা করবে ওয়ার্কার্স পার্টি। সভায় ফ্রেডরিখ এঙ্গেলসের দ্বিশততম জন্মবার্ষিকী উদ্যাপনের সিদ্ধান্তও নেওয়া হয়। সভায় বিভিন্ন স্থানে সিপিবির পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে বলা হয়, এ ধরনের হামলার ঘটনা গণতন্ত্রের জন্য নেতিবাচক এবং বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার পরিপন্থী।

পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা সভায় সাংগঠনিক প্রস্তাব তুলে ধরেন। আলোচনায় অংশ নেন পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, কমরেড নুর আহমদ বকুল, কামরূল আহসান, হাজেরা সুলতানা, আমিনুল ইসলাম গোলাপ, অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ, জ্যোতি শংকর ঝন্টু, হাজী বশিরুল আলম, নজরুল ইসলাম হক্কানী, নজরুল হক নিলু।