টরন্টো ফিল্ম ফোরাম (টিএফএফ) কানাডায় বাংলা চলচ্চিত্রকে পরিচিত করে তোলার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তা অভূতপূর্ব বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কবি আসাদ চৌধুরী। কানাডাস্থ টরন্টো ফিল্ম ফোরামের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে কবি আরো বলেন, নতুন প্রজন্মের এই ছেলেমেয়েদের মধ্য থেকেই ভবিষ্যতে নতুন চিত্র নির্মাতা বেরিয়ে আসবে।
মনিস রফিকের সঞ্চালনায় আলোচনা পর্বে ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করীম বাবুল, সংস্কৃতিকর্মী আহমেদ হোসেন, চিত্র নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল, কবি ইকবাল হাসান প্রমুখ অংশ নেন।
উল্লেখ্য, বাংলাদেশের চলচ্চিত্রকে কানাডার মূলধারায় পরিচিত করার লক্ষ্যে পাঁচ বছর অতিক্রম করে ছয় বছরে পদার্পণ করল টরন্টো ফিল্ম ফোরাম। ফোরামের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে সম্প্রতি ডেনফোর্থের মিজান কমপ্লেক্সে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এর শুরুতে বিশ্বাসের রং এবং দ্যা লাস্ট পোস্ট অফিস চলচ্চিত্র দুটি প্রদর্শিত হয়। পরে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনকারী ছেলেমেয়েদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
