মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের প্রাক্তন ইউনিয়ন ভূমি কর্মকর্তা (পরবর্তীতে দৌলতপুরের বাঘুটিয়ায় বদলী) মোঃ মোতালেব হোসেনকে দুর্নীতি ও অনিয়মের দায়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন।
জানা যায়, সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের ভুমি অফিসে কর্মরত থাকাবস্থায় মোঃ মোতালেব হোসেনের বিরুদ্ধে লোকজনের নামজারি ও জমাভাগ (খারিজ) করতে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমির কাছে উত্থাপিত হলে তিনি তাকে জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে বদলী করেন।
অপরদিকে গত ১৯ নভেম্বর দৈনিক ইত্তেফাকে ‘সাটুরিয়ায় ভুমি রেজিস্ট্রেশন ও নামজারিতে দুর্নীতি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিষয়টি তদন্ত করে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ মোতালেব হোসেনের দুর্নীতির বিষয়ে প্রাথমিক সত্যতা পেলে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের নিকট জমা দেন।
