ইত্তেফাক ডেস্ক
আজ ৪ ডিসেম্বর, ১৯৭১ সালের আজকের এই দিনে দেশের বিভিন্ন স্থান শত্রুমুক্ত হয়। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।
জীবননগর (চুয়াডাঙ্গা) : ১৯৭১ সালের ৪ ডিসেম্বর জীবননগর পুরোপুরি হানাদার মুক্ত হয়। এদিন মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্র বাহিনীর তুমুল প্রতিরোধের মুখে পাকহানাদার বাহিনী রক্তক্ষয়ী যুদ্ধের পর দখলদারিত্ব ছেড়ে পালিয়ে যায়।
এ দিন স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযোদ্ধা ও মুক্তিপাগল জনতা জীবননগরের মাটিতে প্রথম উত্তোলন করে স্বাধীন বাংলার লাল-সবুজ খচিত জাতীয় পতাকা।
ফুলবাড়ী (দিনাজপুর) : মুক্তিযুদ্ধের ইতিহাসে ফুলবাড়ীর মানুষের কাছে আজকের এই দিনটি অত্যন্ত তাত্পর্যপূর্ণ ও স্মরণীয় দিন।
দিনটিকে স্মরণ করতে স্থানীয় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বিজয় শোভাযাত্রাসহ স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
মতলব দক্ষিণ (চাঁদপুর) : ১৯৭১ সালের আজকের এই দিনে দখলদার পাকিস্তানি বাহিনী মতলবের মাটি থেকে বিতাড়িত হয় এবং মতলব স্বাধীন হয়। যুদ্ধ চলাকালীন মতলবের ১৮ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
মতলব মুক্ত দিবস পালন উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান।
