এসএ গেমস ক্রিকেট
আজ শুরু ছেলেদের খেলা
স্পোর্টস রিপোর্টার
নেপালের পোখারায় শুরু হয়েছে দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) মেয়েদের ক্রিকেট খেলা। গতকাল নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। আগে ব্যাট করা শ্রীলঙ্কা ৬ উইকেটে ১২২ রান করেছিল। জবাবে ১৮.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১২৬ রান করে বাংলাদেশ।
এদিকে আজ শুরু হচ্ছে এই গেমসে বাংলাদেশের ছেলেদের খেলা। আজ প্রথমদিনে বাংলাদেশের খেলা মালদ্বীপের বিপক্ষে। নাজমুল হাসান শান্তর নেতৃত্বে খেলবে বাংলাদেশ দল। মূলত অনুর্ধ্ব-২৩ দলে তিন জন সিনিয়র খেলোয়াড় রাখতে পারে দলগুলো। বাংলাদেশে সিনিয়র আছেন কেবল সৌম্য সরকার।
পোখারায় আগে ব্যাট করা শ্রীলঙ্কা দল শুরুতেই বিপাকে পড়ে। ওপেনার আনালিকে ফিরিয়ে দেন নাহিদা আখতার। এরপর অধিনায় মাদাভির সঙ্গে একটা ভালো জুটি করেন থিমাসিনি। ৩৩ রান করা মাদাভিকে ফেরান নাহিদাই। এর আগেই ৫৬ রান করে রানআউট হন থিমাসিনি।
এরপর নাহিদা দ্রুত আরো ২ উইকেট তুলে নিলে আর ফিরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। এর মধ্যে জাহানারাও তুলে নেন এক উইকেট।
জবাবে শুরুতেই মুর্শেদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু সানজিদা ইসলামের ফিফটিতে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। সঙ্গে আয়েশা ও ফারজানাও দুটো কার্যকর ইনিংস খেলেন।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা : ২০ ওভারে ১২২/৬ (থিমাসিনি ৫৬, মাদাভি ৩৩; নাহিদা আখতার ৪/৩২)।
বাংলাদেশ : ১৮.৩ ওভারে ১২৬/৩ (সানজিদা ৫১*, আয়েশা ২৯, ফারজানা ২৩*)।
ফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ : সানজিদা ইসলাম।
