ইত্তেফাক রিপোর্ট
তলব আদেশে হাজির হয়ে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল বারী। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হাজির হয়ে গতকাল তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। আদালত ক্ষমার আবেদন গ্রহণ করে ঐ ম্যাজিস্ট্রেটকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে। হাইকোর্টের স্থগিতাদেশ থাকার পরও ঐ ম্যাজিস্ট্রেট মামলার বিচার কার্যক্রম এগিয়ে নিয়েছিলেন। পরে বিষয়টি আদালতের দৃষ্টিতে আনা হলে হাইকোর্ট ঐ ম্যাজিস্ট্রেটকে গত ১২ নভেম্বর তলব করে। আদালতে ম্যাজিস্ট্রেটের পক্ষে আইনজীবী এ বি এম আলতাফ হোসেন ও বাদী পক্ষে এম আতিকুর রহমান শুনানি করেন। গত ২৭ জুন আইনজীবী মো. সাজ্জাদ হোসেন কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলার আসামিদের জামিনের পাশাপাশি বিচার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। এই স্থগিতাদেশ থাকার পরও বিচার কার্যক্রম এগিয়ে নেন ঐ ম্যাজিস্ট্রেট।
