৭৮৩ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২১:৫৯

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ নৌবাহিনীর ২০১৯-বি ব্যাচের ৭৮৩ জন নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ খুলনার নৌঘাঁটি বানৌজা তিতুমীর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে অনুষ্ঠিত কুচকাওয়াজে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চপাস্টের সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। নৌবাহিনীর ২০১৯-বি ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. জুয়েল রানা, ডিই/এসএ-২/ ইউটি পেশাগত ও সব বিষয়ে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। এছাড়া মো. লিটন, ডিই/ ইউসি/ ইউটি দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং মো. রবিউল হাসান, ডিই/ ইউসি/ ইউটি তৃতীয় স্থান অধিকার করে ‘তিতুমীর পদক’ লাভ করেন। কুচকাওয়াজে অন্যান্যের মধ্যে সহকারী নৌপ্রধান (পারসোনাল) রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, খুলনা নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এবং খুলনা ও যশোর এলাকার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।